ভেনেজুয়েলার বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে নিকোলাস মাদুরো জয়ী হয়েছেন। এ নির্বাচন নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। পাশাপাশি বিভিন্ন দেশের স্বীকৃতি আদায়ের চেষ্টাও চালিয়ে যাচ্ছেন মাদুরো। তবে এরই মধ্যে আর্জেন্টিনা, ডোমিনিকান প্রজাতন্ত্র, কোস্টারিকা, পানামা, পেরু, উরুগুয়ে এবং চিলি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পুনঃনির্বাচনকে স্বীকৃতি দিতে অস্বীকার করেছে। তাই এসব দেশ থেকে নিজেদের কূটনীতিকদের প্রত্যাহার করে নিচ্ছে ভেনেজুয়েলা।
ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘বলিভারিয়ান রিপাবলিক অফ ভেনেজুয়েলার সরকার আর্জেন্টিনা, চিলি, কোস্টারিকা, পেরু, পানামা, ডোমিনিকান রিপাবলিক এবং উরুগুয়েতে থাকা তাদের কূটনৈতিক মিশনের সকল সদস্যদের প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। মাদুরোর পুনঃনির্বাচনকে স্বীকৃতি না দেওয়ার একটি জঘন্য নজির সৃষ্টি করায় দেশটি এমন পদক্ষেপ গ্রহণ করলো। এসব দেশের সরকারকে ভেনেজুয়েলা থেকে তাদের দেশের কূটনীতিকদের প্রত্যাহার করে নেওয়ার কথাও বলা হয়েছে।’
মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়, ‘ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ওই দেশগুলোর বক্তব্যকে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে এর নিন্দা জানিয়েছে মন্ত্রণালয়। ভেনেজুয়েলা সরকার স্ব-নিয়ন্ত্রণ অধিকারের সুরক্ষা নিশ্চিত করার জন্য রাজনৈতিক ও আইনি ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে। ভেনেজুয়েলা সরকার শান্তিপূর্ণ যুগপৎ অবস্থান বজায় রেখে হুমকিস্বরূপ যে কোনো কার্যকলাপকে প্রতিহত করবে।’
ভেনেজুয়েলায় ২৮ জুলাই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটের আংশিক ফলাফলের ভিত্তিতে নিকোলাস মাদুরোকে জয়ী ঘোষণা করে দেশটির জাতীয় নির্বাচনী পরিষদ (সিএনই)। এরপরই বিক্ষোভে ফেটে পড়েন ভেনেজুয়েলার সাধারণ জনগণ। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বিজয় দাবি করার পরদিনই ভেনিজুয়েলার রাজধানীতে বিক্ষোভ শুরু হয়। সোমবার সন্ধ্যায় হাজার হাজার মানুষ মধ্য কারাকাসে বিক্ষোভের জন্য জড়ো হন। এছাড়া শহরের চারপাশের পাহাড়ের বস্তি থেকে কয়েক মাইল হেঁটে প্রেসিডেন্ট প্রাসাদের দিকে বিক্ষোভ করতে করতে এগিয়ে আসেন।
এদিকে সাধারণ জনগণের বিক্ষোভ ঠেকাতে ভেনেজুয়েলার নিরাপত্তা বাহিনী জনতাকে লক্ষ্য করে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় পুলিশ ও জনতার মধ্যে সংঘর্ষ শুরু হয়। সারা দেশে সাধারণ জনগণ প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পোস্টার নামিয়ে ছিঁড়ে আগুনে জ্বালিয়ে দেয়। এ সময় বিক্ষোভ রুখতে মাদুরোর সরকারের প্রতি সহানুভূতিশীল সশস্ত্র পুলিশ, সামরিক এবং বামপন্থী আধাসামরিক বাহিনী বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষে লিপ্ত হয় এবং শহরের কেন্দ্রের চারপাশের অনেক রাস্তা বন্ধ করে দেয়।
ভেনেজুয়েলায় মাদুরোকে জয়ী ঘোষণা করায় পুলিশ-জনতার সংঘর্ষ