জুয়া খেলার প্রতিবাদ করায় ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যের নেতৃত্বে এক যুবলীগ নেতাসহ দুজনকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। ইউনিয়নের জিৎপুর-ভাদাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সোমবার (২৯ জুলাই) রাতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি তৌহিদুল ইসলাম তুষার ও অটোরিকশাচালক মো. জাফর।
পুলিশ, এলাকাবাসী, আহত ও তাদের স্বজনরা জানান, মতিগঞ্জ ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল কাইয়ুম রিংকুর সহযোগীরা ভাদাদিয়া গ্রামের ছাদেকেরটেকে দীর্ঘদিন ধরে আসর বসিয়ে জুয়া খেলে আসছে। সোমবার সকালে যুবলীগ নেতা তুষারের বন্ধু রিন্টু জুয়া খেলার প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে জুয়াড়িরা রিন্টুকে মারধর করে। ওই দিন রাতে রিংকুর নেতৃত্বে ৭-৮টি মোটরসাইকেলে করে জাবেদ, সাইফুল, রায়হান, সেলিম, সাদ্দাম, রিয়াদসহ ১৮-২০ জন সশস্ত্র সন্ত্রাসী জিৎপুর গ্রামে গিয়ে তুষার ও জাফরকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে আবদুল কাইয়ুম রিংকু বলেন, ‘ঘটনার সময় আমি ফেনী শহরে ছিলাম। তবে যারা হামলার সঙ্গে জড়িত, তারা আমার সাথে চলত।’
সোনাগাজী মডেল থানার ওসি সুদীপ রায় পলাশ বলেন, ‘ঘটনাটি শোনার পর তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
