শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতির কারণে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজারের লেনদেনের সময় কিছুটা সংকুচিত করা হয়েছিল। আজ বুধবার থেকে ব্যাংক ও পুঁজিবাজারের লেনদেন কার্যক্রম চলবে স্বাভাবিক সময়সূচি অনুযায়ী। গতকাল এ সংক্রান্ত নির্দেশনা সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংক নির্দেশনায় জানিয়েছে, ব্যাংকের শাখাগুলোতে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আর ব্যাংক খোলা থাকবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। একই সঙ্গে ব্যাংকের শাখাগুলোতে সব ধরনের স্বাভাবিক লেনদেন চলবে। এছাড়া দেশের দুই পুঁজিবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হবে সকাল ১০টায়, যা শেষ হবে বেলা আড়াইটায়। মূল লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত। পরের ১০ মিনিট থাকবে পোস্ট ক্লোজিং।
এর আগে কারফিউ ও সাধারণ ছুটির কারণে টানা তিন দিন বন্ধের পর গত বুধ ও বৃহস্পতিবার ব্যাংকগুলোর কিছু শাখা খোলে। এরপর গত রবিবার থেকে মঙ্গলবার ব্যাংকিং কার্যক্রমের সময় ছিল স্বাভাবিকের তুলনায় কম। এ সময় বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত ব্যাংকিং সেবা দেওয়া হয়। ১৮ জুলাই থেকে ইন্টারনেটের গতি কমিয়ে দেওয়ায় অনেক সেবা দিতে পারেনি ব্যাংকের শাখাগুলো। এ সময় টাকার সংকটে অনেক এটিএম বুথ অকার্যকর হয়ে যায়।
