১ কোটি ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশাসহ তিনজনের বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করা হয়েছে। গত সোমবার মোরশেদ মঞ্জুর রুবেল নামের এক ব্যবসায়ী আবেদনটি করেন।
মামলার আবেদনে অন্য যে দুজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা হলেনÑ রাশেদুল ইসলাম রাশেদ ও শাহজাদা খন্দকার। অভিযোগকারী ব্যবসায়ী মোরশেদ মঞ্জুর রুবেল চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী মো. হাশেম। তিনি জানান, বিচারক নুসরাত জাহান জিনিয়া আবেদনের ওপর শুনানির জন্য আগামী ৫ আগস্ট দিন ধার্য করেছেন।
মামলার আবেদনে বলা হয়, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর আর্থিক অসুবিধায় পড়লে বিদিশা ও তার ছেলে এরিক এরশাদকে ১ কোটি ৮০ লাখ টাকা ধার দেন ব্যবসায়ী মোরশেদ মঞ্জুর। কিন্তু ধারের টাকা পরিশোধ না করে আত্মসা করেন তারা। টাকা শোধের জন্য এরিককে আইনি নোটিস দেওয়ায় বিদিশা ক্ষিপ্ত হয়ে অপর দুই বিবাদীর সহযোগিতায় তাকে প্রাণনাশের হুমকি দেন।
অভিযোগের বিষয়ে বিদিশা একটি সংবাদমাধ্যমে বলেন, মোরশেদ মঞ্জুর তাদের গাড়িচালক ছিলেন। গাড়ি চুরির অভিযোগে তার বিরুদ্ধে গুলশান থানায় একটি মামলা করেছেন তারা। মামলা থেকে বাঁচতে এসব মিথ্যা অভিযোগ করেছেন তিনি।
