ঘুরে ফিরে আবার অভিজ্ঞদের দ্বারস্থ হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে নাজেহাল হওয়ার পর এবার দেশটির সাবেক অধিনায়ক ও কোচ ওয়াকার ইউনুসকে আরও একবার পাকিস্তান ক্রিকেট কাঠামোর সঙ্গে যুক্ত করতে যাচ্ছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ এ তথ্য জানিয়েছে।
জিও নিউজের তথ্যানুসারে, ওয়াকার ইউনিসকে পিসিবির ‘গুরুত্বপূর্ণ পদে’ আসীন করতে চলেছেন নাকভি। এ বিষয়ে বিস্তারিত জানা না গেলেও ধারণা করা হচ্ছে ‘উপদেষ্টা’ রূপে দেখা যেতে পারে ওয়াকারকে। অথবা তার পদের নাম হতে পারে ‘ডিরেক্টর অফ ক্রিকেট’। যেটিই হোক পিসিবিতে তার বেশ কর্তৃত্ব থাকবে বলে মনে করা হচ্ছে।
মূলত দলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ওয়াকারকে ফিরিয়ে আনছে পিসিবি। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও যুক্তরাষ্ট্রের কাছে হেরে যাওয়ার পর দলের ক্রিকেটারদের বিশৃঙ্খলা নিয়ে কথা বলেছিলেন দেশটির সাদা বলের কোচ গ্যারি কারস্টেন। এ কাজের জন্য ওয়াকারকেই হয়তো উপযুক্ত ব্যক্তি হিসেবে মনে করছেন নাকভি।
এর আগে পাকিস্তান দলের কোচ ছিলেন ওয়াকার। তার অতীত পরিসংখ্যানও দারুণ। বর্তমানে পাকিস্তান দলে তিন সংস্করণে রয়েছেন দুই হাই প্রোফাইল কোচ। সাদা বলে দক্ষিণ আফ্রিকার গ্যারি কারস্টেন এবং লাল বলে অস্ট্রেলিয়ার জেসন গিলেস্পি। তাদের সঙ্গেই কাজ করবেন ওয়াকার।
আরও জানানো হয়, পিসিবিতে ক্রিকেট সংক্রান্ত বিষয়ে তত্ত্বাবধান করবেন ওয়াকার। এছাড়া আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট সমস্যা, নির্বাচক কমিটির উদ্বেগ এবং ক্রিকেটারদের অনাপত্তি পত্র (এনওসি) দেওয়ার ক্ষমতা থাকবে ওয়াকারের অধীনে। আর বোর্ডের মধ্যে প্রশাসনিক বিষয়গুলি দেখবেন নাকভি।
রেকর্ড-মুকুট ছাপিয়ে সম্পর্কের উষ্ণতা ছড়ালেন কেইলি-রেগান
অলিম্পিক রেকর্ড গড়ে ৩৬ বছর পর আইরিশদের স্বর্ণ জেতালেন উইফেন
কেমন গেল প্যারিস অলিম্পিকের প্রথম সপ্তাহ