র‍্যাপার হান্নানের মুক্তি চেয়ে শিল্পী-নির্মাতাদের প্রতিবাদ

আপডেট : ৩১ জুলাই ২০২৪, ০৮:২৭ পিএম

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ‘আওয়াজ উডা’ শিরোনামে একটি গান করেছিলেন র‍্যাপার হান্নান হোসাইন শিমুল। গানটি প্রকাশের পরই তুমুল জনপ্রিয়তা পায় শ্রোতামহলে। আর এই গানের কারণে তাকে গ্রেপ্তার করা হয়। আটকের পর তাকে নেওয়া হয়েছে দুই দিনের রিমান্ডেও।

এবার র‍্যাপার হান্নান হোসাইন শিমুলের সঙ্গে গলা মিলিয়েছেন দেশের শিল্পী ও নির্মাতারা। আজ বুধবার হান্নানের গ্রেপ্তার ও রিমান্ডের খবর প্রকাশ্যে আসার পরই মোস্তফা সরয়ার ফারুকী ফেসবুকে লিখেছেন, ‘আওয়াজ উডা বাংলাদেশ/ গণহত্যার বিচার চাই!, আওয়াজ উডা, বাংলাদেশ/ পরিবর্তন চাই!, আওয়াজ উডা, উডা বাংলাদেশ!’

ফারুকী জানান, ‘আওয়াজ উডা’ গানের জন্য গায়ককে গ্রেপ্তার করেছে তারা। ঠিক আছে, আমরা সবাই এখন গাইছি ‘আওয়াজ উডা’!

নির্মাতা শিহাব শাহীন লিখেছেন, ‘একটা গান লেখার জন্য ২ দিনের রিমান্ড! কই (ছাগল কান্ডের) মতিউরকে তো এ্যারেস্ট পর্যন্ত করলেন না!’

তরুণ প্রজন্মের জনপ্রিয় ব্যান্ড ‘সোনার বাংলা সার্কাস’-এর ভোকাল রিপন লিখেছেন, ‘গায়ককে বন্দী করা যায়, গানকে নয়। কেননা তা ইতিমধ্যে ছড়িয়ে গেছে হাওয়ায়। র‍্যাপার হান্নানের মুক্তি চাই।’

এরপর অভিনেতা খায়রুল বাসার লিখেছেন,‘একজন গায়ক! আওয়াজ তোলায় গ্রেফতার এবং রিমান্ড! একজন হান্নান ৭১ থেকে ২৪ হয়ে নতুন ৭১ এর ইঙ্গিত দিচ্ছে। তাই হচ্ছে না? হানা দিয়ে হান্নানদের আওয়াজ কোনদিন থামে নাই। এসব বন্ধ করেন, সমাধানের দিকে আগান, ন্যায্যতার সাথে মিলমিশ করেন। বোকার মতো এই আওয়াজের গলা চেপে ধরবেন না। এ আওয়াজ পলিউশন না ইলিউশন! এই আওয়াজ সংক্রামক।’

সোহেল মন্ডল লিখেছেন, ‘আপনি গান লিখতে, গাইতে পারবেন না, সিনেমা বানাইতে পারবেন, কবিতা লিখতে পারবেন না.. আপনার ন্যারেটিভের সাথে না মিললে জেল জুলুম করবেন… অধিকারের কথা, দাবি দাওয়া তুললে আপনাকে গুলি খেয়ে রাস্তায় পরে থাকতে হবে… রাজাকার ট্যাগ দিয়ে চেতনার আস্ফলন করবেন… এইটা কোন চেতনা কেউ একটু বুঝায়ে দিয়েন…. যারা এখনো চেতনা দন্ড নিয়া পুলিশিং করছেন… একটু ভাবেন…।’

এছাড়াও হান্নানের মুক্তি চেয়ে পোস্ট করেছেন সংগীত পরিচালক ইমন চৌধুরী থেকে শুরু করে নির্মাতা ফাখরুল আরেফিন, মাবরুর রশিদ বান্নাহ, অভিনেতা মোস্তফা মনোয়ার, দীপক কুমার সুমন, ইমতিয়াজ বর্ষণ, রুকাইয়া জাহান চমকসহ অনেকে।

এর আগে গত ২৫ জুলাই নারায়ণগঞ্জ থেকে হান্নানকে গ্রেপ্তার করা হয়। তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লাহ মডেল থানার অফিসার্স ইনচার্জ। হান্নানের গ্রেপ্তারের খবর শুনে দেশের সংগীতশিল্পীদের মাঝে ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়েছে। তার মুক্তির দাবিতে এবং তার আটকের নিন্দা জানাতে একাধিক সংগীতশিল্পী হ্যাশট্যাগ #freehannan ব্যবহার করে ইতিমধ্যেই ফেসবুকে পোস্ট করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত