রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ককশিটের ভেতর থেকে নুরুন্নবী (৩৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। শুক্রবার (২ আগস্ট) যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওয়াসিম বিল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ডেমরা রোডে সবজির আড়তের পাশে ফুটওভার ব্রিজের নিচে ককশিটের ভিতর থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, নিহতের বাড়ি কক্সবাজারের চকরিয়ার ছান্দা গ্রামে। বর্তমানে থাকতেন শনির আখড়া এলাকায়।
ওয়াসিম বিল্লাহ আরও জানান, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যা করে ককশিটের ভিতরে লাশ ভরে গুম করার জন্য রাস্তার পাশে ফেলে গেছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।
জানা যায়, দুপুরে যাত্রাবাড়ী-ডেমরা রোডের আড়তের পাশে ফুটওভার ব্রিজের নিচে বড় একটা ককশিট বক্স পড়ে থাকতে দেখে স্থানীয়রা। সেটি খুলতেই মরদেহ দেখতে পান তারা। পরে থানায় খবর দেয়। নুরন্নবীর বাবার নাম মৃত ইমাম শরীফ। মাদক ব্যবসায়ী ছিলেন তিনি। মাদক ব্যবসার দ্বন্দ্বে তিনি খুন হয়ে থাকতে পারেন বলে ধারণা করছে আইনশৃঙ্ক্ষলা বাহিনী।
আন্দোলনকারীদের সাথে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সংঘর্ষ