যাত্রাবাড়ীতে ককশিটের ভেতর যুবকের মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

আপডেট : ০২ আগস্ট ২০২৪, ০৯:০১ পিএম

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ককশিটের ভেতর থেকে নুরুন্নবী (৩৮) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

আজ শুক্রবার (২ আগস্ট) যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওয়াসিম বিল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, বেলা ১২টার দিকে খবর পেয়ে যাত্রাবাড়ী থানাধীন ডেমরা রোডে সবজির আড়তের পাশে ফুটওভার ব্রিজের নিচে ককশিটের ভেতর থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, নিহতের বাড়ি কক্সবাজারের চকরিয়ায়। বর্তমানে থাকতেন শনিআখড়া এলাকায়।

তিনি আরও জানান, নিহত শরীরের একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যা করে ককশিটের ভেতরে লাশ ভরে গুম করার জন্য রাস্তার পাশে ফেলে গেছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

জানা যায়, দুপুরে যাত্রাবাড়ী-ডেমরা রোডের আড়তের পাশে ফুটওভার ব্রিজের নিচে বড় একটা কক্স সেট বক্স পড়ে থাকতে দেখে স্থানীয়রা। সেটি খুলতেই মরদেহ দেখতে পান তারা। পরে থানায় খবর দয়। নুরন্নবীর বাবার নাম মৃত ইমাম শরীফ। বাড়ি কক্সবাজারের চকরিয়া থানার প্রহর ছান্দা গ্রামে। মাদক ব্যবসায়ী ছিলেন তিনি। মাদক ব্যবসার দ্বন্দ্বে তিনি খুন হয়ে থাকতে পারেন বলে ধারণা করছে আইনশৃঙ্ক্ষলা বাহিনী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত