আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক তার ছেলে রেজওয়ান শাহরিয়ার সুমিতকে নিয়ে তোপের মুখে পড়েছেন। রেজওয়ান চলমান কোটা সংস্কার আন্দোলনকে সমর্থন জানিয়ে ও ছাত্রলীগের সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন। যা তিনি ফেসবুক থেকে সড়িয়ে দিলেও তা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ক্রিনশট আকারে ঘুরছে। তবে রেজওয়ান পুলিশের সমালোচনা করে ৩ দিন আগে আরও একটি পোস্ট দিয়েছেন যা এখনও তার টাইমলাইনে রয়েছে। পোস্টটির শেষ অংশে তিনি কবি শামসুর রাহমানের একটি কবিতাও যুক্ত করেন।
ছেলে রেজওয়ানের পোস্টের জেরে সাবেক ছাত্রলীগ নেতাদের তোপের মুখে পড়েছেন স্বয়ং আব্দুর রাজ্জাক। বুধবার (৩১ জুলাই) সকাল ১১টায় কোটা আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে ছাত্রলীগের সাবেক নেতাদের নিয়ে মতবিনিময় সভা ডেকেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সভায় আব্দুর রাজ্জাক উপস্থিত হতেই সাবেক ছাত্রনেতারা হট্টগোল শুরু করেন। সাবেক ছাত্রনেতা উচ্চ স্বরে বলে ওঠেন, ‘আপনি এখানে কেন এসেছেন? আপনার ছেলে সামাজিক যোগাযোগমাধ্যমে সরকার বিরোধী পোস্ট দিয়েছেন কেন?’ আবদুর রাজ্জাক সভাস্থল ত্যাগ করার সময় ঘিরে ধরে আবার ক্ষোভ প্রকাশ করেন সাবেক আরও কয়েকজন ছাত্রনেতা। দ্রুত স্থান ত্যাগ করেন আবদুর রাজ্জাকও।
রেজওয়ান শাহরিয়ার সুমিত চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে ছাত্রলীগের ভূমিকার সমালোচনা করেন। তিনি ১৯৭১ সালের ছাত্রলীগের সঙ্গে ২০২৪ সালের ছাত্রলীগের তুলনা করতে গিয়ে ফেসবুকে লিখেন, ‘এরা বুক ফুলিয়ে যতই 'জয় বাংলা' বলে চেঁচাক, ১৯৭১–র মহান মুক্তিযুদ্ধের সঙ্গে ২০২৪–র আজকের এই ছাত্রলীগের কোনো ধরনের সম্পর্ক আছে বলে আমি মনে করি না। আজ এরা চেতনাহীন, পথভ্রষ্ট, অর্থলোভী পঙ্গপাল ছাড়া কিছুই নয়'।
একই পোস্টে তিনি বলেন, 'আন্দোলনরত ছাত্রদের সঙ্গে আলোচনায় না গিয়ে এই পঙ্গপাল বাহিনী লেলিয়ে দেওয়া কোনো আদর্শের রাজনীতি আমি জানি না! তবে বঙ্গবন্ধুর রাজনীতি বা দর্শনের সঙ্গে তার কোনো মিল নেই, তা ঢের বলতে পারি। এই পঙ্গপাল পুষতে পুষতে কবে গোটা জাতিই চেতনাহীন, পথভ্রষ্ট, ও অর্থলোভী হয়ে যায়'!
রেজওয়ান শাহরিয়ার সুমিত তার পোস্টের শেষ অংশে প্রয়াত কবি শামসুর রাহমানের একটি কবিতার দুটি লাইন যুক্ত করেন। কবিতার লাইন, 'রাজু, তুমি মেধার রশ্মি–ঝরানো চোখ মেলে তাকাও তোমার জাগরণ আমাদের প্রাণের স্পন্দনের মতোই প্রয়োজন'।
এদিকে ৩ দিন আগে ইংরেজিতে পুলিশের সমালোচনা করে রেজওয়ান শাহরিয়ার সুমিত আরেকটি পোস্ট দেন। যার বাংলা দাঁড়ায়, 'গত সপ্তাহে বাংলাদেশের রাস্তায় পুলিশি বর্বরতার তীব্র নিন্দা জানাচ্ছি। কেড়ে নিয়েছে ২০০ প্রাণ। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য জাতীয় সম্পদও'। পোস্টে তিনি, তাৎক্ষণিক, স্বাধীন, ও নিরপেক্ষ তদন্তেরও দাবি করেন। তিনি বলেন, 'যারা ছাত্র বিক্ষোভকারীরা রাস্তায় থাকাকালীন 'দেখামাত্র গুলি' ব্যবহারের অনুমোদন দিয়েছিল তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে'।
