শিক্ষার্থীদের হয়রানি না করতে ববি প্রশাসনের আহ্বান

আপডেট : ০২ আগস্ট ২০২৪, ১০:৫৬ পিএম

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ও আইনশৃঙ্খলা বিনষ্টের ঘটনায় নিরপরাধ শিক্ষার্থীদের হয়রানি না করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রশাসন। একইসঙ্গে নিরপরাধ কেউ হয়রানির শিকার হলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে জানাতে বলা হয়েছে।

শুক্রবার (২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.আব্দুল কাইয়ুম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে দেশের বিদ্যমান সার্বিক পরিস্থিতিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোনো প্রকার হয়রানি না করে তাদের সুরক্ষা প্রদানের বিষয়টি নিশ্চিতের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবার প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষভাবে অনুরোধ জানাচ্ছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী যদি অহেতুক হয়রানির শিকার হয় তাহলে প্রক্টর অফিসের সঙ্গে যোগাযোগের জন্য নির্দেশনা প্রদান করা হচ্ছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে বলে বিবৃতিতে জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত