ট্র্যাকে নামবেন ক্রিকেটাররাও

আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ০৬:২২ এএম

চলছে প্যারিস অলিম্পিক, শুরু হয়ে গেছে অ্যাথলেটিকস। বাংলাদেশের ক্রিকেটাররাও অলিম্পিকের আমেজে ফের নামবেন রানিং ট্র্যাকে! আজ সকাল ৬টা থেকে ৭-৩০ মিনিট পর্যন্ত বঙ্গবন্ধু স্টেডিয়ামে হবে ক্রিকেটারদের শারীরিক সামর্থ্য মূল্যায়ন।

এ বছর ১০ এপ্রিলও বঙ্গবন্ধু স্টেডিয়ামে ক্রিকেটারদের শারীরিক সামর্থ্য মূল্যায়ন করেছিলেন জাতীয় দলের ট্রেনার নাথান কেলি, সেবার ক্রিকেটাররা ৪০ মিটার স্প্রিন্ট এবং ১৬০০ মিটার দৌড় সম্পন্ন করেছিলেন। পাকিস্তানের বিপক্ষে ‘এ’ দল এবং জাতীয় দলের সফরের আগে প্রস্তুতি ক্যাম্প শুরুর আগে আরও একবার ফিটনেসের পরীক্ষা দেবেন ক্রিকেটাররা। বিসিবির ক্রিকেট অপারেশনস বিভাগের কর্মকর্তা শাহরিয়ার নাফীস শুক্রবার দেশ রূপান্তরকে বলেন, ‘হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে চলে এসেছেন, মুশতাক (আহমেদ, স্পিন উপদেষ্টা) আজকের মধ্যেই এসে পড়বেন। কাল আসবেন হেম্প (ডেভিড, ব্যাটিং কোচ)। জাতীয় দল এবং আশপাশে থাকা ২০-২২ জন ক্রিকেটারকে নিয়ে হবে শারীরিক সামর্থ্যরে মূল্যায়ন পর্ব।’

জাতীয় দলের হয়ে প্রস্তুতি পর্ব শুরুর আগে বাংলাদেশ টাইগার্সের হয়ে চট্টগ্রামে অনুশীলন করেছেন বেশ কয়েকজন ক্রিকেটার। অনুশীলন পরিচালনা করা কোচ সোহেল আহমেদ খেলোয়াড়দের বর্তমান অবস্থা জানিয়েছেন দেশ রূপান্তরকে, ‘মুশফিক ও মুমিনুল, ভালো। শুধু স্কিল ট্রেনিং না, ফিটনেস ট্রেনিংও ছিল। এরা ভালো শেপে আছে। যারা পরের ধাপে যোগ দিয়েছে, যেমন লিটন (দাস), সৌম্য (সরকার), তাদের একটু সময় লাগত।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত