ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপি ৫ কোটি শিক্ষার্থীর কাছে করজোড়ে ক্ষমা চেয়ে বলেছেন, আমাদের ভুল থাকতে পারে, অপরাধ থাকতে পারে। ভুলের শাস্তি আপনারা আমাদের দেবেন। ভুল সংশোধনের সুযোগ দেবেন। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভুল বুঝবেন না। কারণ শেখ হাসিনা যদি নিরাপদ না থাকে তাহলে বাংলাদেশ নিরাপদ থাকবে না।
গতকাল শুক্রবার বিকেলে প্রতিমন্ত্রীর সিংড়ার বাসভবনে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন পলক।
পলক আরও বলেন, ছাত্র-ছাত্রীরা শান্তিপূর্ণ আন্দোলনে রাজপথে ছিল। তাদের কেউ আঘাত করেনি, তারাও বিশৃঙ্খলা করেনি। পুলিশ শান্তিপূর্ণ রাখার জন্য সহযোগিতা করেছে, কোথাও শক্তি প্রয়োগ করেনি। বিএনপি-জামায়াত, ছাত্রদল-ছাত্রশিবির, জঙ্গী-সন্ত্রাসীরা ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত নাটোর-নওগাঁয় যেভাবে মানুষ হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখত সেই একইভাবে পুলিশ বাহিনীর সদস্য ও যুবলীগ কর্মীকে হত্যা করে ফুটওভার ব্রিজে ঝুলিয়ে রেখেছে।
প্রতিমন্ত্রী পলক বলেন, ‘তরুণ প্রজন্মের কাছে যদি আমার কোনো ভুল হয়ে থাকে, আমি প্রকাশ্যে ক্ষমাপ্রার্থনা করছি। ইন্টারনেট ব্যাহত হওয়া এবং সামাজিক মাধ্যমে গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়ায় দায় আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি।
পলক আরও বলেন, যেভাবেই হোক ছাত্র-ছাত্রী এবং কিশোর-কিশোরীদের সঙ্গে আমাদের যে দূরত্ব এবং ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে, সেটা দূর করার উদ্যোগ গ্রহণ করতে হবে। সেটা আমাদের ঘর, প্রতিবেশী এবং প্রতিষ্ঠান থেকে করতে হবে। ছাত্র-ছাত্রীদের চোখের ভাষা বুঝতে হবে।
সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শেখ ওহিদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পৌর মেয়র জান্নাতুল ফেরদৌসের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল ওয়াদুদ মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক শ্রী বিশ্বনাথ দাস কাশিনাথ, অ্যাডভোকেট জিল্লুর রহমান প্রমুখ।
