মনোনয়ন নিশ্চিতে প্রয়োজনীয় ভোট পেয়েছেন কমলা হ্যারিস

  • প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হতে প্রয়োজনীয় ভোট পেয়েছেন কমলা
  • অনলাইনে ভোট গ্রহণ শুরুর ৩৬ ঘণ্টার মধ্যেই প্রয়োজনের চেয়ে বেশি ভোট পান কমলা
আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ১০:২০ এএম

আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিসেবে কমলা হ্যারিসের নাম প্রায় নিশ্চিত হল। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হতে প্রয়োজনীয় সংখ্যক ভোট পেয়েছেন কমলা।

স্থানীয় সময় শুক্রবার দলটির ‘ন্যাশনাল কমিটি চেয়ার’ জেইম হ্যারিসন ভার্চ্যুয়ালি এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন। তিনি বলেন, কমলা হ্যারিস মনোনয়ন পাওয়ার জন্য প্রয়োজনীয় ভোটের বেশি পেয়েছেন।

শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানায় কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

প্রেসিডেন্ট প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্যে গত বৃহস্পতিবার থেকে ই–মেইলে ভোট গ্রহণ শুরু করে ডেমোক্রেটিক পার্টি। অনলাইন ভোটিং প্রক্রিয়া শেষ হবে আগামী সোমবার। তবে ভোট গ্রহণ শুরুর ৩৬ ঘণ্টার মধ্যেই মনোনয়ন পাওয়ার জন্য প্রয়োজনের চেয়ে বেশি ভোট পেয়ে গেছেন কমলা।

অনলাইন ভোটিং অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন কমলাও। প্রয়োজনীয় ভোট পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, 'ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে পেরে আমি সম্মানিত।'

আনুষ্ঠানিকভাবে কমলা প্রেসিডেন্ট প্রার্থী হলে তিনি আরেকটি ইতিহাস গড়বেন। কারণ, এ অবস্থানে তিনি হবেন প্রথম কোনো কৃষ্ণাঙ্গ ও এশিয়ান আমেরিকান নারী। বর্তমানে তিনি দেশটির ভাইস প্রেসিডেন্ট পদে রয়েছেন।

আগামী সপ্তাহে তিনি আনুষ্ঠানিকভাবে প্রার্থীর মনোনয়ন গ্রহণ করবেন। এরপর চলতি মাসের শেষের দিকে শিকাগোতে দলের সম্মেলনে সবার সঙ্গে যোগ দেবেন তিনি। সেখানে তিনি তাঁর এই ঐতিহাসিক মুহূর্ত সবার সঙ্গে উদ্‌যাপন করবেন।

সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বরের নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূত কমলাই হতে যাচ্ছেন সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত