জামিনে মুক্তি পেলেন জাবির সমন্বয়ক আরিফ সোহেল

আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ০৮:৩৩ পিএম

রাজধানীর বনানীর সেতু ভবনে হামলার মামলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী ও কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক আরিফ সোহেলের  জামিন মঞ্জুর করেছেন আদালত। শনিবার (৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিক জামিনের এ আদেশ দেন। 

এর আগে ৬ দিনের রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ক্যান্টনমেন্ট জোনাল টিমের পরিদর্শক আবু সাইদ মিয়া তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। 

এ সময় তাদের আইনজীবী শাহ মো. বাবর, জয়নাল আবেদীন মেজবাহসহ আরও অনেকেই জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আরিফ সোহেলের জামিন মঞ্জুর করেন। বনানী থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর শাহ আলম গণমাধ্যমকে এ তথ্য জানান। 

এর আগে গত ২৯ জুলাই তাদের ৬ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছিলেন আদালত।

জামিনে মুক্তি পেয়ে আরিফ সোহেল গণমাধ্যমকে বলেন, ‘একটা পরিষ্কার বার্তা জানিয়ে দিতে চায়— এসব হামলা, মামলা করে আমাদের আন্দোলন বন্ধ করা যাবে না। শহীদের যে রক্ত ঝরেছে, এর জবাব আমরা নেব। এর জন্য যারা দায়ী, তারা রাষ্ট্রের যে পর্যায়ের ব্যক্তি হোন না কেন, তাকে বিচারের আওতায় আনতে হবে। জবাবদিহি করতে হবে জনগণের কাছে। তার আগ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। যত হামলা-মামলা আসুক, আমরা সব ফেস করবো। আমরা মরতে শিখে গেছি, শহীদ হতে শিখে গেছি। আমাদের আর ভয় দেখিয়ে লাভ নেই।’

উল্লেখ্য, গত ২৭ জুলাই রাত ৩টার দিকে সাদা পোশাকধারী একটি দল আরিফ সোহেলকে ক্যাম্পাসের পার্শ্ববর্তী বাসা থেকে তুলে নিয়ে যায়। এ সময় তারা নিজেদের সিআইডি ও ডিবি পুলিশ পরিচয় দেয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত