চট্টগ্রাম নগরীর নিউমার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের সংঘর্ষ চলছে।
এর আগে রবিবার সকাল ১০টার দিকে আন্দোলনকারীরা নিউমার্কেট মোড়ে জড়ো হয়ে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করতে থাকেন। বেলা সোয়া ১১টার দিকে সিটি কলেজের দিক থেকে বিক্ষোভকারীদের ওপর হামলা চালায় হামলা ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
এর মধ্যে যুবলীগ ও ছাত্রলীগ পরিচয়ধারী কয়েকজনকে প্রকাশ্যে বিক্ষোভকারীদের ওপর গুলিবর্ষণ করতে দেখা গেছে। এ ঘটনায় অন্তত ৩০/৩৫জন শিক্ষাথী হয়েছেন। এরমধ্যে ২৪জন গুলিবিদ্ধ বলে চমেক হাসপাতালের একটি সুত্র নিশ্চিত করেছে। তবে তাৎক্ষণিক তাদের নাম পাওয়া যায়নি।
দুপুর ১২টার দিকে ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীদের সঙ্গে যোগ দেয় পুলিশ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এ সময় নিউমার্কেট, স্টেশনরোড, রেয়াজউদ্দিন বাজার, তিনপুলের মাথা, রাইফেল ক্লাব, এনায়েতবাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
এর আগে সকাল থেকেই আন্দোলনকারীরা নিউমার্কেট চত্বর, স্টেশন সড়ক, জুবিলি সড়কে জড়ো হয়ে অবস্থান নেন। এসব সড়কে ইটের টুকরা ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। আন্দোলনকারীদের অনেকের হাতে লাঠি ছিল।
এর আগে সকাল ১০টা থেকে হাজারো আন্দোলনকারী শিক্ষার্থী নিউমার্কেট এলাকা দখল করে বিক্ষোভ করতে থাকেন। বেলা ১১টার দিকে তাদের ওপর হামলা শুরু করে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা। দুপুর ১২টার দিকে ছাত্রলীগ-যুবলীগের সঙ্গে পুলিশ যোগ দিলে পিছু হটে আন্দোলনকারীরা তিনপুলের মাথায় অবস্থান নেয়। দুই পক্ষের কর্মসূচিস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি চোখে পড়েনি। নিউমার্কেট এলাকায় সকাল থেকে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। ওই এলাকার বিপণিবিতানসহ কোনো দোকানপাট খোলা হয়নি। এর আগের দিন গতকাল শনিবার নিউমার্কেট চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা অবস্থান নিয়েছিলেন।
দুপুর সাড়ে ১২টার দিকে সরেজমিন দেখা গেছে, পুলিশের মুহুমর্হু টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডের শব্দে আন্দোলনকারীদের একাংশ এনায়েত বাজারের দিকে আসতে থাকে। এ সময় নন্দনকাননের দিক থেকে কাউন্সলির শৈবাল দাশ সুমনের নেতৃত্বে ছাত্রলীগ ও যুবলীগের একটি দল আন্দোলনকারীদের লক্ষ্য করে বেশ কয়েকটি ককটেল নিক্ষেপ করে।
এ সময় ডোরাকাটা টি শার্ট পড়া এক যুবককে প্রকাশ্যে শটগান থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণ করতে দেখা গেছে। প্রকাশ্যে গুলিবর্ষণের ওই ভিডিও দেশ রূপান্তরের কাছে আছে।
বেলা সাড়ে ১২টার দিকে সাঝোয়া (এপিসি) যান নিয়ে একদল পুলিশ তিনপুলের মাথা থেকে এনায়েত বাজারের দিকে অগ্রসর হয়। এপিসি থেকে একজন পুলিশ সদস্যকে শিক্ষার্থীদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ছুড়তে দেখা গেছে। বেলা দেড়টার দিকে এই প্রতিবেদন লেখার সময় বিচ্ছিন্নভাবে নগরের কাজির দেউরি, লাভলেন এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ, ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষ চলছে বলে খবর পাওয়া গেছে।
