যবিপ্রবিতে শিক্ষার্থীদের গ্রাফিতি মুছে দিল ছাত্রলীগ

আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ০৩:২৯ পিএম

কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) প্রধান ফটকের শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি ও দেওয়াল লিখন মধ্যরাতে মুছে ফেলেছে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ নেতা-কর্মীরা।

শনিবার (৩ আগস্ট) সন্ধ্যায় যবিপ্রবির কয়েকজন শিক্ষার্থী কোটা সংস্কার আন্দোলনে জনতা হত্যা ও হামলা-মামলা ও শিক্ষকদের নিরব অবস্থানকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও সামনের প্রাচীরে বিভিন্ন প্রতিবাদী স্লোগান 'কতজনের মুখ বন্ধ করবি', 'আমার ভাইকে মারল কেনো' 'স্যার মিছিলে তো এলেন না অন্তত জানাযায় আসিয়েন', 'ছাত্র হত্যার বিচার চাই', 'ছাত্রলীগ মুক্ত যবিপ্রবি' 'রাস্তায় ছাত্রের লাশ গড়ায় অমেরুদণ্ডী যায় টুঙ্গিপাড়া', ' রক্ত খেকো ভোটচোর ছাড়লে গদি আসবে ভোর' 'কু্ত্তা ও ছাত্রলীগ প্রবেশ নিষেধ' প্রভৃতি দাবি ও ব্যঙ্গাত্মক স্লোগান লেখা দেখা যায়।

পরবর্তীতে মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মী বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এসে স্লোগান দিয়ে লেখাগুলো মুছে ফেলেন। এসময় ছাত্রলীগ কর্মী অন্তর দে শুভ'র তার নিজ ফেসবুকে প্রোফাইলে লেখা মুছে ফেলা ও স্লোগানের একটি লাইভ ভিডিও প্রকাশ করে।

ছাত্রলীগ কর্মী বেলাল হোসেন বলেন, “আসলে যারা এসব নিকৃষ্ট শব্দ গুলো ব্যবহার করে একটা শিক্ষা প্রতিষ্ঠানের দেওয়ালে এগুলো লিখতে পারে তারা কখনই দেশ ও জাতির জন্য কল্যাণকর হতে পারে না। দেশরত্ন শেখ হাসিনার প্রশ্নে আমরা যবিপ্রবি ছাত্রলীগ আপোষহীন। এটি কোনো সাধারণ ছাত্রদের আন্দোলন নই, এটি এখন রাজনৈতিক আন্দোলনে রূপ নিছে, সুতরাং আমরা সেটা রাজনৈতিক ভাবেই মোকাবেলা করবো।”

 

এ বিষয়ে যবিপ্রবির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনিছুর রহমান বলেন, “এ পরিস্থিতিতে আমি কোনো বক্তব্য দিতে রাজি নই এবং এখন কোনো বক্তব্য দেওয়ার পরিবেশ নেই।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত