অযোগ্যদের সরানোর দাবিতে নান্নু-বাশারদের মানববন্ধন

আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ০২:২১ পিএম

দেশে রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে ক্রীড়াক্ষেত্রেও লেগেছে পরিবর্তনের হাওয়া। বর্তমান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের অবস্থান অজানা। এর মাঝেই আজ মঙ্গলবার সকালে বিসিবির সামনে মানবন্ধন করলেন বেশ কয়েকজন ক্লাব কর্মকর্তা। তাদের দাবি, বিসিবি থেকে অযোগ্যদের সরিয়ে যোগ্য সংগঠক আনতে হবে।

‘ক্রিকেট সংগঠকবৃন্দ’- এই ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবুর নেতৃত্বে সেখানে ছিলেন ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সাধারণ সম্পাদক ও সাবেক ক্রিকেটার দেবব্রত পাল, পারটেক্স স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা সাজ্জাদ হোসেন, লিজেন্ডস অব রূপগঞ্জের কর্মকর্তা সাব্বির আহমেদ, প্রাইম দোলেশ্বরের যুগ্ম-সম্পাদক মুশতাক হোসেন, মোহামেডানের কর্মকর্তা তারিকুল ইসলাম, জাতীয় দলের সাবেক ক্রিকেটার শাহাদাত হোসেন, বিসিবির সাবেক দুই কাউন্সিলর জিয়াউর রহমান ও বোরহান উদ্দিন প্রমুখ।

বিসিবির সামনে মানববন্ধন। ছবি: দেশ রূপান্তর

মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে এত দিন বিসিবিতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। এসবের সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি দিতে হবে। সাবেক অধিনায়ক তথা সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘বিসিবিতে সুশাসন প্রতিষ্ঠা হোক’। আরেক সাবেক অধিনায়ক তথা সাবেক নির্বাচক হাবিবুল বাশার বলেন, ‘সুদিনের আশা করছি।’

বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ‘২০১২ সালের পর আবার বিসিবিতে এসেছি। এসেছিলাম বিসিবির প্রধান নির্বাহীর সঙ্গে কথা বলতে। কিন্তু তাকে পাইনি। আমাদের দাবি, বিসিবি থেকে অযোগ্য সংগঠকদের সরিয়ে এখানে যোগ্য ক্রিকেট সংগঠকদের নিয়ে আসতে হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত