নতুন বাংলাদেশ বির্নিমাণের প্রত্যয় নিয়ে দেশব্যাপী পরিষ্কার-পরিছন্ন ও যানজট নিরসনে রাজপথে নেমে পড়েছে শিক্ষার্থীরা। তারই ধারাবাহিকতায় রাজশাহীতেও প্রধান সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন তারা। মাঠে পুলিশ সদস্যরা না থাকায় সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় বিশৃঙ্খলা নিয়ন্ত্রনে কাজ করছে। বিভিন্ন জায়গায় আনসার সদস্যরাও সড়কে যান চলাচল নিয়ন্ত্রনে কাজ করছে।
বুধবার(৭ আগস্ট) দুপুরে সরেজমিনে দেখা যায়, নগরীর বাস টার্মিনাল, আলুপট্টি মোড়, সাহেব বাজার জিরো পয়েন্ট, মনিচত্বর, লক্ষ্মীপুর, রেলগেট, বর্নালী মোড়সহ এলাকায় যানজট নিরসনে দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ছাড়াও সাধারণ শিক্ষার্থী, বিভিন্ন স্কুল-কলেজের রোভার স্কাউট সদস্য, নিরাপদ সড়ক চাই (নিসচা) ও রেড ক্রিসেন্ট সদস্যরা এসব দায়িত্ব পালন করছেন।
এদিকে দেশের সংকট মুহূর্তে যখন বাংলাদেশ পুলিশ সদস্যরা কর্মবিরতিতে আছেন সেই মুহুর্তে শিক্ষার্থীদের এই ভূমিকাই খুশি পথচারীরাও। নতুন প্রজন্মের হাত ধরেই নতুন করে দেশ গড়ে উঠুক এটিই চান তারা।
রাজশাহীর সাহেব বাজারে আসা ষাটোর্ধ্ব পথচারী নাজমুল আলম বলেন, নতুন প্রজন্মকে আমরা মোবাইল আসক্ত, আর অলস হিসেবেই জানতাম। কিন্তু এই প্রজন্ম আমাদের সামনে নতুন পরিচয় এনেছে। নিজের জীবন দানের বিনিময়ে দেশকে দ্বিতীয় বারের মতো স্বাধীন করেছে। একটা দেশকে নতুন স্বপ্ন দেখিয়েছে। এই প্রজন্মই দেশকে সুন্দর ভাবে সাজাবে বলেও আশাবাদী তিনি।
বাজারে আসা গৃহিণী সাবিনা ইয়াসমিন বলেন, কয়েক দিন পর বাজারে আসলাম। শিক্ষার্থীরা রাস্তাঘাট পরিষ্কার করছে। তারা হাতে ছোট লাঠি আর বাঁশি বাজিয়ে ট্রাফিক দেখাশোনা করছে এটা প্রশংসনীয়।
জিরো পয়েন্টে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছিলেন নগরীর বুদ্ধিজীবী কলেজের একাদশ শ্রেণীর পরীক্ষার্থী ও স্কাউট সদস্য ওয়ালিদ হাসান আপন। তিনি বলেন, দেশ তো ধ্বংস হয়ে আছে। কোথাও আইনশৃঙ্খলা ঠিক নাই। এজন্য নিজ দেশের জন্য যদি আমরা না আসি তো কখন দেশের জন্য কাজ করবো। সে জন্য শহরের ট্রাফিক নিয়ন্ত্রণে রাস্তায় আসছি।
হাতে হ্যান্ড মাইক নিয়ে পথচারীদের সচেতন করছিলেন মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ও সাংবাদিক ওয়ালিউর রহমান বাবু। তিনি বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে বিজয় এসেছে। এই বিজয় আগামীর বাংলাদেশ বিনির্মাণে পথ প্রদর্শক। যেহেতু রাস্তায় কোনো ট্রাফিক নেই, সে কারণে যেন কোনো দুর্ঘটনা না ঘটে সে কারণে ছাত্রদের সাথে রাস্তায় নেমেছি। আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে পাড়ায় পাড়ায় শান্তি বজায় রাখার জন্য।
দেয়ালে দেয়ালে আন্দোলনে শহীদদের ফুটিয়ে তুলছে ওরা