ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছে বাজুস

আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ০১:০৫ এএম

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছেন দেশের সর্ববৃহৎ বাণিজ্য সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। গতকাল বুধবার সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বার্তা দেন সংগঠনটির প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর। বার্তায় আন্দোলনে নিহত শিক্ষার্থী ও নাগরিকদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন তিনি।

সায়েম সোবহান বলেন, সারা দেশের ৪০ হাজার জুয়েলারি ব্যবসায়ী পরিবার ও এর সঙ্গে জড়িত প্রায় ২৫ লাখ মানুষের সংগঠন বাজুস অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করবে। আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং সারা দেশের জুয়েলারি প্রতিষ্ঠানসহ সব শিল্প-কারখানা এবং ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা দেওয়ার জন্য সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসবে।

বুধবার বিবৃতিতে বাজুস প্রেসিডেন্ট বলেন, ‘সাম্প্রতিক আন্দোলনকে কেন্দ্র করে হতাহতের প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য স্বল্প ও দীর্ঘমেয়াদি ক্ষতিপূরণের ব্যবস্থাসহ গুরুতর আহতদের চিকিৎসার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছে বাজুস।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত