করোনাক্রান্ত লাইলসকে হারিয়ে বোতসোয়ানাকে প্রথম সোনা এনে দিলেন তেবোগো

আপডেট : ০৯ আগস্ট ২০২৪, ০১:১৯ পিএম

১০০ মিটার স্প্রিন্টে দ্রুততম মানব হওয়ায় অনেকেই ভেবেছিলেন ২০০ মিটারেও দাপট দেখাবেন নোয়াহ লাইলস। কিন্তু তাকে ছাপিয়ে সেখানে নায়ক বনে গেলেন লেতসাইল তেবোগো। তার ক্ষীপ্র গতিতেই প্রথমবারের মতো অলিম্পিকে সোনার ছোঁয়া পেল আফ্রিকার দেশ বতসোয়ানা।

স্তাদে দে ফ্রান্সের ট্র্যাকে স্বর্ণপদক পেতে ১৯.৪৬ সেকেন্ড সময়ে ২০০ মিটার দৌড় শেষ করেন তেবোগো, যা আফ্রিকান রেকর্ড। বাকি দুটি পদক যায় যুক্তরাষ্ট্রের ঘরে।

কেনেথ বেডনারেক ১৯.৬২ সেকেন্ড সময় নিয়ে রূপা ও ১৯.৭০ সেকেন্ড টাইমিংয়ে ব্রোঞ্জের দখল নেন লাইলস। যদিও করোনাভাইরাসে আক্রান্ত তিনি, তাই রেস শেষে হুইলচেয়ারে করে ট্র্যাক ছেড়ে যান।

রেসের শেষ দিকে তেবোগোর বুক চাপড়ানোর দৃশ্য কিংবদন্তি অ্যাথলেট উসাইন বোল্টকে মনে করিয়ে দেয়। অবশ্য বোল্টকে আদর্শ মেনেই ট্র্যাকে পা রাখেন তেবোগো। দুই মাস আগে মাকে হারানোর ধাক্কা কাটিয়ে উঠে অলিম্পিক চ্যাম্পিয়ন হওয়াটা তার কাছে এখনো বাস্তব মনে হচ্ছে না।

অলিম্পিকে বোতসোয়ানোর একটা প্রথম সোনা। এর আগে ২০১২তে পুরুষদের ৮০০ মিটার দৌড়ে রূপা আর ২০২০ অলিম্পিকে পুরুষদের ৪*৪০০ মিটারে ব্রোঞ্জ জিতেছিল আফ্রিকান দেশটি। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত