চিত্রশিল্পী এসএম সুলতানের ১০০তম জন্মবার্ষিকী পালিত

আপডেট : ১০ আগস্ট ২০২৪, ০৪:৫৮ পিএম

নড়াইলে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ১০০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (১০ আগস্ট) সকাল ১০টায় মাছিমদিয়ায় নড়াইল জেলা প্রশাসন, এসএম সুলতান ফাউন্ডেশন ও নড়াইল সুলতান কমপ্লেক্সের আয়োজনে শিল্পীর মাজারে সরকারি ও বেসরকারি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

শ্রদ্ধাঞ্জলি শেষে চিত্রশিল্পী এসএম সুলতানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। অন্যান্য বছর চিত্রাঙ্কন, আলোচনা সভা, মিলাদ মাহফিলের আয়োজন থাকলেও চলমান পরিস্থিতির কারণে সংক্ষিপ্তভাবে পালিত হয়েছে। 

এসএম সুলতানের জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি | ছবি: দেশ রূপান্তর

কর্মসূচিতে উপস্থিত ছিলেন—নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আরাফাত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, এসএম সুলতান কমপ্লেক্সের কিউরেটর তন্দ্রা মুখার্জ্জী, এসএম সুলতান বেঙ্গল আর্ট কলেজের অধ্যক্ষ সুবর্ণা বালা রায়, এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ হানিফ, নড়াইল প্রেস ক্লাবের সভাপতি আলমগীর সিদ্দিকীসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা, সুলতান ভক্ত ও শিক্ষার্থীরা। 

প্রসঙ্গত, চিত্রশিল্পী এসএম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় জন্মগ্রহণ করেন। চিত্রশিল্পের মূল্যায়ন হিসেবে এসএম সুলতান ১৯৮২ সালে একুশে পদক, ১৯৯৩ সালে স্বাধীনতা পদক, ১৯৮৪ সালে রেসিডেন্ট আর্টিস্ট স্বীকৃতি, ১৯৮৬ সালে বাংলাদেশ চারুশিল্পী সংসদ সম্মাননাসহ কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ‘ম্যান অব দ্য ইয়ার’, নিউ ইয়র্কের বায়োগ্রাফিক্যাল সেন্টার থেকে ‘ম্যান অব অ্যাচিভমেন্ট’ এবং এশিয়া উইক পত্রিকা থেকে ‘ম্যান অব এশিয়া’ পুরস্কারসহ বিভিন্ন সম্মাননা পেয়েছেন। ১৯৯৪ সালের ১০ অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত