অভিবাসন রোধে গত বছর ভিসানীতিতে আরও কঠোর হওয়ার সিদ্ধান্ত নেয় যুক্তরাজ্য সরকার। এর পর থেকে গত ১২ মাসে যুক্তরাজ্যে ভিসার জন্য আবেদনকারী বিদেশি কর্মী, শিক্ষার্থী ও তাদের পরিবারের সংখ্যা এক-তৃতীয়াংশ কমেছে।
দেশটির হোম অফিসের অস্থায়ী পরিসংখ্যান বলছে, ভিসার জন্য আবেদনকারী অভিবাসী ও তাদের পরিবারের সদস্যের সংখ্যা ২০২৩ সালের জুলাইয়ে প্রায় ১ লাখ ৪১ হাজার থেকে গত মাসে ৯১ হাজারে নেমে এসেছে। বিশেষ করে স্বাস্থ্যকর্মী বা কেয়ার ওয়ার্কার ভিসার জন্য আবেদনকারীর সংখ্যা ৮০ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ হাজার ৯০০ জনে। পূর্ববর্তী কনজারভেটিভ সরকার কর্র্তৃক, আন্তর্জাতিক শিক্ষার্থী এবং স্বাস্থ্য ও সামাজিক যত্ন কর্মীদের যুক্তরাজ্যে পরিবার নিয়ে আসা নিষিদ্ধ করার পর থেকেই অভিবাসীদের সংখ্যায় এ পরিবর্তন এসেছে। হোম অফিসের ভাষ্যে, এটি তাদের দেশীয় কর্মীদের প্রশিক্ষণ এবং দক্ষতার ঘাটতি মোকাবিলা নিশ্চিত করবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, অভিবাসন যুক্তরাজ্যের জন্য অনেক সুবিধা বয়ে এনেছে, তবে এটি অবশ্যই একটি সুষ্ঠু ব্যবস্থার মাধ্যমে নিয়ন্ত্রণ ও বিতরণ করতে হবে।
