আক্রান্তদের পাশে দাঁড়ানোর আহ্বান উত্তর যুবলীগের

আপডেট : ১১ আগস্ট ২০২৪, ০৩:৪৮ এএম

আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী, দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়, ছাত্র, পুলিশ ও সাধারণ মানুষসহ সব হত্যার নিন্দা জানিয়েছে ঢাকা মহানগর উত্তর যুবলীগ। সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য দেশের বিবেকবান জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

গতকাল শনিবার ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনের এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। বিবৃতিটি গণমাধ্যমে পাঠিয়েছেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের উপ-গ্রন্থণা ও প্রকাশনা সম্পাদক কাইসুর রহমান সিদ্দিকী সোহাগ।

বিবৃতিতে বলা হয়, ‘আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগের পর সোমবার থেকে দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে রাজধানীসহ সারা দেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন স্থানে হিন্দু, বৌদ্ধ ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়, ছাত্র, পুলিশ এবং সাধারণ মানুষকে নির্মমভাবে হত্যা এবং ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধুর বাড়ি, বঙ্গবন্ধুর স্মৃতি ৩ নম্বর, ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউসহ বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে দুর্বৃত্তদের হামলা-অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। মানুষের বাসাবাড়িতে রাতভর ডাকাতি-দুর্বৃত্তদের বর্বরোচিত হামলায় শত শত মানুষের প্রাণহানি ঘটেছে। আমরা বর্বরোচিত এসব হত্যাকাণ্ড ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধীদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি জানানো হয় বিবৃতিতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত