শিরোপা জিতে মৌসুম শুরুর পরেও সন্তুষ্ট নন গার্দিওলা

আপডেট : ১১ আগস্ট ২০২৪, ১২:৪০ পিএম

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের মৌসুম শুরু হয়ে গেছে। বরাবরের মতো এই মৌসুমেও সবকটি শিরোপায় চোখ ম্যানচেস্টার সিটির। এরই মাঝে গতকাল রাতে তারা ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে জিতেছে কমিউনিটি শিল্ডের শিরোপা। লিগ শুরুর আগে যা প্রতিপক্ষদের দিয়েছে আরেকবার ‘ট্রেবল’ জয়ের বার্তা।

তবে শিরোপা জিতে মৌসুম শুরু করলেও সিটি কোচ পেপ গার্দিওলা শিষ্যদের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নন। পুরোপুরি প্রস্তুত বলেও মনে করছেন না তিনি।

মৌসুম শুরুর আগে দলের প্রস্তুতি নিয়ে প্রসঙ্গ উঠলে সেই কথা বলেছেন গার্দিওলা। নতুন মৌসুমের জন্য সিটি কতটা প্রস্তুত জানতে চাইলে তিনি বলেছেন, ‘আমরা প্রস্তুত কি না, সে উত্তর আমি দিতে পারছি না। আমরা আজ হারতেও পারতাম। কয়েক মিনিট আগেও আমরা হারের কাছাকাছি ছিলাম। যে কারণে এখন অপেক্ষা করতে হবে। আমি আজ অনেক কিছু দেখেছি, যা আমার ভালো লেগেছে। প্রথম ৩৫ মিনিট অসাধারণ ছিল।’

দলের খেলা নিয়ে গার্দিওলা ইতিবাচক থাকলেও সেরা ফুটবল এখনো অনেক দূরে বলে মনে করেন তিনি, ‘আমরা এখনো নিজেদের সেরা ফুটবল থেকে অনেক দূরে আছি। এটা স্বাভাবিক, এটাও অবশ্য ভালো যে আমরা একটি শিরোপা জিতে শুরু করতে পেরেছি।’

আগামী সপ্তাহে চেলসির বিপক্ষে ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করবে সিটি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত