বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি এবং সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন নিরুদ্দেশ। ছাত্র জনতার অভ্যুত্থানের পর খোঁজ পাওয়া যাচ্ছে না এই রাজনীতিবিদ এবং ক্রীড়া সংগঠকের। অসমর্থিত সূত্রে জানা গেছে, পাপন এই মুহূর্তে অবস্থান করছেন ইংল্যান্ডে। সেখানে কর্মরত এক প্রবাসী বাংলাদেশী রেস্টুরেন্টে খেতে আসা পাপনের ছবি ধারণ করেছেন সিসি ক্যামেরার ফুটেজ থেকে। খোঁজ নেই বিসিবি পরিচালকের দায়িত্বে থাকা আওয়ামী লিগের সাংসদ, তাদের পরিবারের সদস্য সহ বেশ কয়েকজনের। এমন পরিস্থিতিতে বিসিবি'র নিয়মিত কাজ চালিয়ে যাওয়াটাই দূরহ, সামনে বিশ্বকাপ আয়োজন তো আরো কঠিন। তাই বিসিবি'র নেতৃত্বে কি করে পরিবর্তন আনা যায় সেই ব্যপারে আলাপ আলোচনা করতেই প্রধান নির্বাহি নিজামউদ্দিন চৌধুরি সুজনের নেতৃত্বে কয়েকজন বিসিবি পরিচালক রবিবার দেখা করেন অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে। আসিফ জানিয়েছেন, আইনের ভেতরে থেকেই বিসিবি'র নেতৃস্থানীয় পদে পরিবর্তনের চেষ্টা করা হবে।
সাংবাদিকদের আসিফ জানান, 'বিসিবি'র সভাপতি অনুপস্থিত আছেন। একটা সংগঠনকে ভালভাবে কাজ করতে হলে তার সবগুলো অর্গ্যানকেই ঠিকভাবে কাজ করতে হয়। সভাপতির মত গুরুত্বপূর্ণ দায়িত্বে যিনি আছেন তিনি অনুপস্থিত আছেন। কিন্তু বিসিবি যেহেতু একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আইসিসি'র অধীনে, এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারব না। আমরা প্রস্তাব করেছি, বিসিবির যারা পরিচালক আছেন তারা এই বিষয়ে আইনী পন্থায় থেকে আইসিসির আইনি কাঠামোর ভেতরে থেকে কিভাবে সমাধান করা যায় এবং অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিয়োগ করা যায় কি না, সে বিষয়ে তারা আমাদেরকে পরবর্তীতে প্রতিবেদন দেবেন এবং এই বিষয়ে আমরা প্রক্রিয়াটা চালু রাখব।'
শিরোপা জিতে মৌসুম শুরুর পরেও সন্তুষ্ট নন গার্দিওলা