কুরস্কে ইউক্রেনের আক্রমণ প্রতিহতের দাবি রাশিয়ার

আপডেট : ১২ আগস্ট ২০২৪, ০৬:৪৫ পিএম

রাশিয়ার ভূখণ্ডে ঢুকে হামলা চালাচ্ছে ইউক্রেন। রাশিয়ার পশ্চিমের কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের এই হামলা ঠেকাতে মরিয়া চেষ্টা চালাচ্ছে রাশিয়া। এই অঞ্চলে আরও সেনা মোতায়েন করেছে মস্কো।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, কুরস্ক প্রদেশে ইউক্রেনের অগ্রসর ঠেকিয়ে দিয়েছে তারা। কুরস্ক অঞ্চলের প্রতিরক্ষায় ট্যাঙ্ক ও রকেট লঞ্চিং সিস্টেম পাঠিয়েছে মস্কো। ইউক্রেন সীমান্তবর্তী শহর কুরস্ক, বেলগোরদ ও ব্রিয়ানস্ক অঞ্চলে প্রতিরক্ষামূলক ব্যবস্থাও নিয়েছে মস্কো।

কুরস্ক অঞ্চলে ইউক্রেনের সেনাবাহিনীর হামলা চালানোর পর বড় মাপের সাফল্য দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার এক স্থানীয় সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে তিনি বলেন, ইউক্রেনের সামরিক বাহিনী রাশিয়ার ভূখণ্ডে ঢুকে আক্রমণ চালাচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যুদ্ধ আগ্রাসী মোড় নিচ্ছে বলেও দাবি করেছেন জেলেনস্কি।

এদিকে রাশিয়ার মিডিয়া জানিয়েছে, ইউক্রেনের সেনা ঢুকে পড়ার পর কুরস্ক থেকে ৭৬ হাজার মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। দিন কয়েক আগে কুরস্কে ইউক্রেনের সেনা ঢুকে পড়ে বলে রাশিয়া জানিয়েছিল। তারপর কুরস্কে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত