সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। গতকাল সোমবার সকাল সোয়া ৭টায় জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দেশের ২৫তম প্রধান বিচারপতি। এ সময় হাইকোর্ট ও আপিল বিভাগের সব বিচারপতিরা তার সঙ্গে উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে সাভার জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এরপর সকাল সাড়ে ৭টার দিকে স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন তিনি।
সাভার জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, সকাল সাড়ে ৬টা থেকে হাইকোর্ট ও আপিল বিভাগের সব বিচারপতির অর্ধশতাধিক গাড়িবহর সাভার জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করে। পৌনে ৭টার দিকে প্রধান বিচারপতি স্মৃতিসৌধে প্রবেশ করেন। সোয়া ৭টার দিকে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি।
এর আগে রবিবার দুপুর পৌনে ১টার দিকে বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন।
