নরসিংদীতে দেশ রূপান্তরের সাংবাদিক গুলিবিদ্ধ

আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ০৯:৩১ পিএম

নরসিংদীর রায়পুরায় সন্ত্রাসীদের গুলিতে দেশ রূপান্তরের প্রতিনিধি মো. মনিরুজ্জামান মনির (৪০) আহত হয়েছেন। এসময় কাঠ ও হ্যামার দিয়ে তার মাথা ও শরীরে পিটিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা।

আজ মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুর ১২ টায় শহরের শ্রীরামপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

আহত মনিরুজ্জামান মনির দৈনিক দেশ রূপান্তর পত্রিকার রায়পুরা উপজেলা প্রতিনিধি। তিনি রায়পুরা রিপোটার্স ক্লাবের সভাপতির দায়িত্বে রয়েছেন। উপজেলার মেথিকান্দা গ্রামের নুর মোহাম্মদের ছেলে মনির।

স্থানীয় জানায়, রায়পুরা উপজেলার মেথিকান্দা এলাকার লেয়াকত আলী ওরফে লইক্কা মিস্ত্রি ও হযরত আলী ওরফে হরজু সমর্থকদের মধ্যে দীর্ঘ দিনের বিরোধ চলে আসছে। লেয়াকত আলী সাংবাদিক মনিরুজ্জামান মনিরের দাদা হয়। পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজকে দুপুরে মনির শ্রীরামপুর বাজার থেকে পেশাগত দায়িত্ব পালন শেষে উপজেলা পরিষদে ফিরছিলেন। এ সময় শ্রীরামপুর বাজারের পাশেই পূর্ব থেকে ওঁতপেতে থাকা সন্ত্রাসীরা তার উপর হামলা করে। সাংবাদিক মনির আত্মরক্ষার্থে একটি দোকানে ঢুকে গেলে সেখান থেকে বাইরে এনে হ্যামার ও কাঠ দিয়ে পিটিয়ে তার পায়ে-হাতে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ ঘটনার সময় রায়পুরা থানা পুলিশের কোন তৎপরতা না থাকায় সার্বিক সহযোগিতা করেছে বাংলাদেশ সেনা বাহিনীর সদস্যরা। সেনাবাহিনীর দল হাসপাতালে গিয়ে আহত সাংবাদিক মনিরের খোঁজ নেন। 

আহত সাংবাদিক মনিরুজ্জামান মনির বলেন, সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে রায়পুরা উপজেলাবাসীর ক্ষতি করে যাচ্ছে। আমি তাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় তারা আমার উপর ক্ষিপ্ত ছিল। এজন্য তারা আমার উপর হামলা করেছে। আমি রায়পুরা উপজেলার সকলকে সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার অনুরোধ জানাই।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) রঞ্জন কুমার বর্মন বলেন, সাংবাদিক মনিরের হাতে এবং পায়ে গুলি লেগেছে। মাথায়ও গুরুতর আঘাত আছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়েছি।

এ ঘটনায় নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাব, রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাব, রায়পুরা সাংবাদিক ফোরাম, রায়পুরা প্রেসক্লাব সহ নরসিংদী জেলা ও উপজেলার সাংবাদিক সংগঠনের নেতারা তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত