জয় ৬৫, বিজয়রা ৫৭

আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ০৬:১৮ এএম

ইসলামাবাদে পাকিস্তান শাহিনসের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচে শুরুতেই ব্যাটিং ব্যর্থতা বাংলাদেশ ‘এ’ দলের। টস জিতে আগে ব্যাটিং করে প্রথম ইনিংসে মাত্র ১২২ রানে অলআউট হয়েছে বাংলাদেশ ‘এ’ দল। সর্বোচ্চ ৬৫ রান করেন মাহমুদুল হাসান জয়।

টেস্ট ক্রিকেটে ফেরার আগে পর্যাপ্ত প্রস্তুতির উদ্দেশ্যে ‘এ’ দলে যোগ করা হয়েছিল সাবেক দুই টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম এবং মুমিনুল হককে। প্রথম ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ দুজনই। মুমিনুল ১৫ বলে ১১ রান করে আউট হয়েছেন আর মুশফিক করেছেন ২৭ বলে ১৪ রান। অধিনায়ক এনামুল হক বিজয় ৭ রান করে আউট হয়েছেন নাসিম শাহর বলে। জাকির হাসান, শাহাদাত হোসেন, নাঈম হাসান এবং হাসান মুরাদের সম্মিলিত রান শূন্য। কারণ তারা  প্রত্যেকেই আউট হয়েছেন কোনো রান না করেই। জয়ের ৬৫ রানের পর মুশফিকের ১৪ রানই দলের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস।

৪৪.৩ ওভারে মাত্র ১২২ রানেই শেষ বাংলাদেশ ‘এ’ দলের প্রথম ইনিংস। নাসিম শাহ ৮.৩ ওভার বল করে নিয়েছেন ৩ উইকেট।

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২ ওভারে পাকিস্তানের সংগ্রহ বিনা উইকেটে ২ রান। বৃষ্টি, ভেজা আউটফিল্ড এবং আলোর স্বল্পতায় প্রথম দিনে মাত্র ৪৬.৩ ওভার খেলা হয়েছে। এরই মাঝে অলআউট হয়েছে বাংলাদেশ ‘এ’ দল। আজ পাকিস্তানের দুই অপরাজিত ব্যাটসম্যান সাইম আইয়ুব (২) ও মোহাম্মদ হুরাইয়া (০) ফের ব্যাট করতে নামবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত