সর্বোচ্চ আশ্বাসের প্রতিশ্রুতিতে চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলনরত আনসার সদস্যরা আন্দোলন প্রত্যাহার করেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেনের আশ্বাসে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। গতকাল বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের সহকারী পরিচালক (ভিডিপি-প্রশিক্ষণ) ও গণসংযোগ কর্মকর্তা (অতি. দায়িত্ব) মো. রুবেল হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন আনসার বাহিনীর নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ ও আনসারের সমন্বয়করা। আনসারদের চাকরি স্থায়ীকরণের দাবির বিষয়ে সাক্ষাতে ফলপ্রসূ আলোচনা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা কর্র্তৃক দাবি পূরণে সর্বোচ্চ আশ্বাসের পরিপ্রেক্ষিতে আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন আনসার সদস্যরা।
নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ সাধারণ আনসারদের সমন্বয়কদের (৫ জন) সঙ্গে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে তাদের দাবির পরিপ্রেক্ষিতে চাকরি স্থায়ীকরণের জন্য বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক পত্র হস্তান্তর করেন।
