ভিনিসিয়ুসকে ৬০০ কোটির প্রস্তাব সৌদি ক্লাবের

আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ১২:৫৮ পিএম

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে ঘিরে সম্প্রতি দলবদলের গুঞ্জন ছড়িয়েছিল। তাকে নাকি সৌদি আরবের ক্লাব আল আহলি মোটা অংকের বিনিময়ে দলে চেয়েছে। তবে রিয়াল এবং ভিনিসিয়ুস উভয় পক্ষই এই আবেদনে সাড়া দেননি বলেও খবর এসেছে। এবার জানা গেল, ঠিক কত টাকার প্রস্তাব দিয়েছিল সৌদি প্রো লিগের ক্লাবটি।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ দাবি করেছে যে, ভিনিসিয়ুসকে দলে ভেড়াতে ৬০০ কোটি ব্রাজিলিয়ান রিয়াল (১০০ কোটি ডলার) প্রস্তাব দিয়েছে আল আহলি। এই প্রস্তাব মেনে নিলে ইতিহাসের সবচেয়ে বেশি বেতন পাওয়া অ্যাথলেট হয়ে যাবেন ভিনি। সংবাদমাধ্যমটি দাবি করেছে, এই টাকা পেলে ভিনিসিয়ুস প্রতিবছর ৭টি করে বিশ্বের সবচেয়ে দামি গাড়ি ‘রোলস রয়েস লা রোজ নোইরে ড্রপটেইল’ কিনতে পারবেন, যার মূল্য ৩ কোটি ডলার।

সৌদি ক্লাবটির প্রস্তাব গাণিতিকভাবে বিশ্লেষণ করলে দেখা যায়, প্রতি সেকেন্ডের জন্য ভিনি পাবেন ৩৮ ব্রাজিলিয়ান রিয়াল। প্রতি মিনিটে ২.২৯ হাজার, প্রতি সপ্তাহ ২ কোটি ৫০ লাখ আর বছরে ১০ লাখ ২০ হাজার রিয়াল। ৫ বছরের জন্য সেটি হবে ৬০০ কোটি ব্রাজিলিয়ান রিয়াল বা ১০০ কোটি মার্কিন ডলার। বিশ্বের সবচেয়ে দামি এয়ারক্রাফট ‘গ্লোবাল ৭৫০০’ বছরে তিনটি করে কিনতে পারবেন ভিনি!

ফুটবলে উন্নতি করতে প্রচুর অর্থ ঢালছে সৌদি আরবের সরকার। নেইমার, রোনালদো, বেনজেমার মতো বিশ্ব তারকাদের তারা দলে ভিড়িয়েছে। সৌদি ফুটবল লিগ নিয়ে আগ্রহও বেড়েছে বিশ্বের সকল ফুটবলপ্রেমীদের। সামনে তারা বিশ্বকাপও আয়োজন করবে। তবে ক্যারিয়ারের এই উষালগ্নে ভিনিসিয়ুস যে সৌদি ক্লাবে যাবেন না- এমনটাই মনে করছেন বিশ্লেষকদের বড় অংশ। রিয়ালও তাদের এই সেরা তারকাকে নিশ্চয়ই হারাতে চাইবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত