পাকিস্তানে অনুশীলন শুরু জাতীয় দলের

আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ০৩:৪৭ এএম

পাকিস্তান সফরে নিজস্ব নিরাপত্তা পর্যবেক্ষক চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস এই মাসের প্রথম দিনে বলেছিলেন, ‘আমরা সরকারকে অনুরোধ করেছি সফরের সময় আমাদের একজন নিরাপত্তা পরামর্শদাতা দেওয়ার জন্য।’ নিয়তির নির্মম পরিহাসে যে সরকারের কাছে জালাল নিরাপত্তা চেয়েছিলেন, তাদের বেশিরভাগ সদস্যই আজ নিরাপত্তাহীন! শুধু তাই নয়, বাংলাদেশে পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় বিদেশি কোচিং স্টাফ সদস্যরা হোটেল থেকে আসতে পারছিলেন না, পাকিস্তানে আগেভাগে গিয়ে অবশেষে কোচদের মাঠে নামাতে পেরেছে বিসিবি। বুধবার, পাকিস্তানের স্বাধীনতা দিবসে মাঠে অনুশীলন শুরু করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব আল হাসানও।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে চলবে তিনদিনের অনুশীলন। বিসিবির পাঠানো ছবি ও ভিডিওচিত্রে দেখা গেছে তিন পেসার তাসকিন আহমেদ, নাহিদ রানা ও খালেদ আহমেদের সঙ্গে আলোচনায় ব্যস্ত প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। নেটে ব্যাটিং করেছেন সাকিব। এর আগে ট্রেনার নাথান কেলির নেতৃত্বে হয়েছে স্ট্রেচিং এবং ফিজিক্যাল ট্রেনিং। লাহোরে ১৪, ১৫ ও ১৬ আগস্ট; এই তিন দিন অনুশীলন করবে বাংলাদেশ দল। এরপর তাদের গন্তব্য ইসলামাবাদ, এরপর রাওয়ালপিন্ডিতে ১৮-২০ আগস্ট অনুশীলন চলবে। ২১ আগস্ট শুরু হবে প্রথম টেস্ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত