গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে নিখোঁজের ৯ দিন পর শনাক্ত হওয়া মোহাম্মদ আমানতের নামাজে জানাজা নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে জানাজায় উপস্থিত হয়েছিলেন যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও সমন্বয়ক সারজিস আলমসহ অন্যরা। এছাড়াও নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মাহমুদুল হক, মহানগর বিএনপির সভাপতি শাখাওয়াত হোসেন খান, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাওসার আশাসহ বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের ঢল নেমেছিল জানাজায়।
এর আগে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে শহিদ আমানতের প্রতি শেষ শ্রদ্ধা জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ, রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
গত ৫ আগস্ট বিকেলে রাজধানীমুখী লং মার্চ সফল করার উদ্দেশ্যে নগরীর জলকুড়ির বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন মোহাম্মদ আমানত। তিনি নারায়ণগঞ্জ কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তাকে খুঁজে পেতে পরিবারের পক্ষ থেকে পোস্টারিংও করা হয়েছিল।
৯ দিন পর ১৪ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তার লাশ পাওয়া যায়। আমানতের মুখ ও শরীরে গুলিসহ আঘাতের চিহ্ন ছিল।
জাপানের ব্যবসায়ীরাও চান কমলার জয়