রিয়ালে অভিষেকেই শিরোপা এমবাপ্পের

আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ০৫:২৬ এএম

কিলিয়ান এমবাপ্পে পিএসজিতে থাকতে ঘরোয়া শিরোপা জিতলেও উয়েফা শিরোপা জেতা হয়নি তার। এবার রিয়াল মাদ্রিদের হয়ে অভিষেক ম্যাচেই উয়েফা সুপার কাপ জিতলেন ফরাসি এই ফরোয়ার্ড। পোল্যান্ডের ওয়ারশোতে উয়েফা সুপার কাপে রিয়াল মাদ্রিদ ২-০ গোলে হারিয়েছে আতালান্তাকে। অভিষেক ম্যাচেই গোলের দেখা পেয়েছেন এমবাপ্পে। অপর গোলটি করেন ফেদরিকো ভালভার্দে। দুটি গোলই হয় দ্বিতীয়ার্ধে। রেকর্ড ষষ্ঠ বারের মতো ইউরোপিয়ান সুপার কাপ জিতল লস ব্লাঙ্কোসরা।

প্রথমার্ধে রিয়ালের খেলায় ছন্দ খুঁজে পাওয়া যাচ্ছিল না। আক্রমণে কয়েকবার গোলের সফলতা আসেনি। আর আক্রমণভাগে এমনটি হওয়ার কারণও আছে। রিয়ালের প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে ছিলেন না এমবাপ্পে। বিরতির আগে ১০ গজ দূর থেকে রদ্রিগোর শট লাগে ক্রসবারে। ৫৯ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের পাস থেকে গোল করেন উরুগুয়ের মিডফিল্ডার ভালভার্দে। দ্বিতীয় গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হয়নি গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগজয়ী রিয়ালকে। ৬৮ মিনিটে রিয়ালের জার্সিতে নিজের প্রথম ও দলের দ্বিতীয় গোলটি করেন এমবাপ্পে। জুড বেলিংহ্যামের পাস থেকে ডান পায়ের শটে গোল করেন ফরাসি তারকা। রিয়ালের গোলবারের নিচে ছিলেন থিবো কর্তোয়া। আতালান্তার গোলের বেশ কয়েকটি চেষ্টা রুখে দেন বেলজিয়ান এই গোলকিপার। গেল মৌসুমে ইনজুরির কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন কর্তোয়া।

ম্যাচ শেষে এমবাপ্পে বলেন, ‘দারুণ একটা রাত কাটিয়েছি। এই জার্সি, এই ব্যাজ ও সমর্থকদের জন্য খেলা, অনেক দিন ধরে এই মুহূর্তটার জন্য অপেক্ষা করেছি।’ রিয়ালের হয়ে প্রথম মৌসুমে ৫০ গোলের লক্ষ্য ঠিক করা সম্ভব কি না, এমন প্রশ্নের উত্তরে এমবাপ্পে বলেন, ‘আমরা রিয়াল মাদ্রিদের খেলোয়াড়, আমার কোনো সীমানা নেই। যদি আমি ৫০ গোল করতে পারি, তাহলে করব। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দল হিসেবে জেতা, উন্নতি করা। কারণ, আমরা দল হিসেবেই জিতব।’

৮৩ মিনিটের সময় এমবাপ্পেকে বদলি করেন কোচ কার্লো আনচেলত্তি। রিয়ালের ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ক্লাবটির হয়ে অভিষেক ম্যাচে গোল করার পাশাপাশি শিরোপা জিতলেন এমবাপ্পে। প্রথম এই কীর্তি মার্কো আসেনসিওর। সেটি ২০১৬ উয়েফা সুপার কাপেই।

এন্দ্রিক স্কোয়াডে থাকলেও সুপার কাপের ম্যাচে তাকে নামাননি আনচেলত্তি। রিয়ালের কোচ হিসেবে ১৪তম শিরোপা জিতলেন আনচেলত্তি। শিরোপা জিতে খুব খুশি হতে পারেননি তিনি। আর সেটির কারণ খেলায় দলের ছন্দ খুঁজে না পাওয়া। আনচেলত্তি বলেন, ‘এমবাপ্পের অনেক গোল করার সামর্থ্য আছে। আমরা এখন দলের ভারসাম্য খুঁজছি, যেটা আজ আমরা খুঁজে পাইনি।’ তবে এমবাপ্পের প্রশংসা করেছেন আনচেলত্তি। ‘এমবাপ্পে দারুণ খেলেছে। দলের সঙ্গে ভালোভাবেই মানিয়ে নিয়েছে।’

বেলিংহ্যাম রিয়ালে এসেছেন গত মৌসুমে। সতীর্থ এমবাপ্পেকে নিয়ে বলেন, ‘আগে ভেবেছিলাম এমবাপ্পে দুর্দান্ত। এখন তার সঙ্গে খেলার অভিজ্ঞতা হলো এবং তাকে আরও ভালো করে দেখলাম। তার গতি, খেলার মান, নেতৃত্বগুণ এবং (মাঠে সতীর্থর সঙ্গে) যোগাযোগের দক্ষতা।’

আগামী রবিবার লা লিগায় নতুন মৌসুম শুরু করবে রিয়াল। মায়োর্কার মুখোমুখি হবে বর্তমান লিগ চ্যাম্পিয়ন রিয়াল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত