ইমাম নিয়ে হবিগঞ্জ-ব্রাহ্মণবাড়িয়ার সংঘর্ষ, বন্ধ রেল যোগাযোগ

আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ১০:২৭ পিএম

হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার পার্শ্ববর্তী এক এলাকায় ইমাম নিয়ে সংঘর্ষের জেরে শতাধিক লোক আহত হয়েছে। এ সময় স্থানীয় হরষপুর রেলওয়ে স্টেশন বাজারের বেশ কিছু দোকানপাট ভাঙচুর ও লুটপাট করা হয়।

শুক্রবার (১৬ আগস্ট) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় ৪ ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ হয়। সন্ধ্যায় সেখানে পুলিশ যায়৷ বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এদিকে সংঘর্ষের কারণে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। নোয়াপাড়া স্টেশনে দুটি আন্তঃনগর ট্রেন ও মুকুন্দপুর স্টেশনে একটি আন্তঃনগর ট্রেন আটকা পড়ে। আহতরা হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন বলে জানা গেছে। রাত ৮ টা পর্যন্ত এ রিপোর্ট লেখা পর্যন্ত দুজনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেও দায়িত্বশীল সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি।

পরে সেটি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলাতেও ছড়িয়ে পড়ে। একপর্যায়ে মাধবপুর ও বিজয়নগরের বিভিন্ন গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে দেশীয় অস্ত্র ও রেলওয়ের পাথর ব্যবহার করা হয়।

একাধিক সূত্র জানায়, মাধবপুর উপজেলার জামিয়া হরষপুর দারুল উলুম মাদরাসা মসজিদের ইমাম নিয়ে দুই বছর ধরে বিরোধ চলে আসছে। ওই মসজিদের ইমাম মুফতি মো. বশিরের জিহ্বায় কথা আটকানোর কারণে শুদ্ধ উচ্চারণ হয় না বলে অভিযোগ ওঠে। এ নিয়ে দুটি পক্ষ হয়ে যায়। এক দল মুফতি বশিরের পক্ষে আরেক দল বিপক্ষে। এ নিয়ে একটি মামলাও হয়।

সামাজিকভাবে সিদ্ধান্ত হয় যে মুফতি বশির ইমামতি করতে পারবেন না। এদিকে দেশের সার্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে মুফতি বশিরকে আনতে তার পক্ষটি তোড়জোড় শুরু করে। আজ শুক্রবার বশির ইমামতি করবেন বলেও ঘোষণা দেওয়া হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। দুপুরে নামাজের পর এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে বেধে যায়। শুরুতে মাদরাসার ছাত্ররা আক্রমণের শিকার হন। পরে উভয় পক্ষ দলবদ্ধ হয়ে সংঘর্ষে জড়ায়। মাধবপুরের পার্শ্ববর্তী উপজেলা বিজয়নগরের কয়েকটি গ্রামের লোকজনও এ সংঘর্ষে জড়ালে পরিস্থিতি ভয়ংকর রূপ ধারণ করে। স্থানীয় একাধিক জনপ্রতিনিধি সংঘর্ষ থামাতে এগিয়ে গিয়ে অবস্থার প্রেক্ষিতে সেখান থেকে সরে যান।

হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) নির্মল চক্রবর্তী জানান, ইমাম নিয়ে বিরোধে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে সন্ধ্যার দিকে এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত