রুশ শহর দখল-পুনরুদ্ধারের পাল্টাপাল্টি দাবি

আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ১২:৪৭ এএম

ইউক্রেনের সেনারা রাশিয়ার একটি শহর দখলে নিয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলছেন, তার বাহিনী রাশিয়ার কুরস্ক অঞ্চলে সীমান্ত পেরোনোর এক সপ্তাহেরও মধ্যে রাশিয়ার সুদজা শহরের নিয়ন্ত্রণ নিয়েছে। এদিকে রাশিয়াও ইউক্রেনীয় বাহিনীর হাত থেকে কুরস্ক সীমান্ত অঞ্চলের একটি গ্রাম দখলমুক্ত করার দাবি করেছে। দুই বছরের বেশি সময় ধরে রাশিয়ার অভিযানের বিরুদ্ধে লড়াই করতে থাকা ইউক্রেন গত ৬ আগস্ট পাল্টা অভিযান শুরু করে।

বিবিসি, সিএনএনসহ বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, কিয়েভের বাহিনী গত বুধবার থেকে কুরস্ক শহরের ১০৫ কিলোমিটার (৬৫ মাইল) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত রাশিয়ার শহরটিতে অবস্থান করছে। এতদিন রাশিয়ার পক্ষ থেকে কিছু বলা না হলেও ইউক্রেনের প্রেসিডেন্টই প্রথম নিশ্চিত করলেন, শহরটির দখল নিয়েছে তার বাহিনী।

ইউক্রেনের সেনাপ্রধান ওলেকজান্ডার সিরস্কি বলেছেন, তার সেনারা আকস্মিক আক্রমণ শুরু করার পর রাশিয়ার প্রতিরোধের মধ্যেই ৩৫ কিলোমিটার (২১.৭ মাইল) অগ্রসর হয়েছে এবং ১ হাজার ১৫০ বর্গকিলোমিটার এলাকা ও ৮২টি বসতি দখল করেছে।

সিরস্কি জানিয়েছেন, দখলে নেওয়া সুদজা শহরের আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের অগ্রাধিকার চাহিদা মেটাতে সেখানে একটি সামরিক কার্যালয় স্থাপন করা হয়েছে।

রাশিয়ার অন্যতম একটি গুরুত্বপূর্ণ গ্যাস টার্মিনালের কাছে সুদজা শহরের অবস্থান। ইউক্রেন হয়ে ইউরোপে গ্যাস সরবরাহের মূল পথ হচ্ছে সুদজা। ধারণা করা হচ্ছে, কিয়েভের সেনাদের এ শহর দখলের অন্যতম লক্ষ্য হতে পারে মস্কোর আয়ের লাভজনক উৎস কমিয়ে দেওয়া।

ইউক্রেনের আক্রমণের মুখে হাজার হাজার রাশিয়ান তাদের বাড়িঘর ছেড়ে চলে গেছে এবং রাশিয়ার সেনারা কিয়েভের সেনাদের প্রতিহতে যেভাবে হোঁচট খাচ্ছে, তাতে তারা এই মুহূর্তে খানিকটা পিছিয়ে পড়েছে।

এর আগে বুধবার ইউক্রেনের ড্রোন রাশিয়ার চারটি বিমান ঘাঁটি লক্ষ্য করে সবচেয়ে বড় হামলা চালিয়েছে। ইউক্রেনের নিরাপত্তা বিভাগের একটি সূত্র সিএনএনকে জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুরস্ক ও ভোরোনেঝ এবং মস্কোর পূর্বাঞ্চলীয় নিঝনি নভগোরোদ অঞ্চলের চারটি ঘাঁটি লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

কিয়েভের অগ্রগতি ঠেকাতে ইউক্রেন ও অধিকৃত ক্রিমিয়ার গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্রগুলো থেকে রুশ রিজার্ভ সেনাদের সরিয়ে নিয়েছে বলে বুধবার সিএনএনকে জানিয়েছেন ইউক্রেনের এক সামরিক কমান্ডার। বৃহস্পতিবার টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর কাছ থেকে প্রথম গ্রামটি পুনর্দখল করেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা কুরস্ক ও পাশর্^বর্তী অঞ্চলে ১১৭টি বিমানসদৃশ ড্রোন এবং চারটি কৌশলগত ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত