রাজধানীর নিউ মার্কেট থানায় হওয়া হকার শাহজাহান আলী হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। রিমান্ডের প্রথম দিনের জিজ্ঞাসাবাদে তারা দেশে অনাকাক্সিক্ষত পরিস্থিতি তৈরির জন্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ওপর দায় চাপিয়েছেন।
জিজ্ঞাসাবাদে আনিসুল হক পুলিশকে বলেছেন, ‘দেশে ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর আমি একটি সমাধানের দিকে যাচ্ছিলাম। কিন্তু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কারণে সেটা সম্ভব হয়নি। আন্দোলন দমনে তারা খুবই অ্যাগ্রেসিভ ছিলেন। তাছাড়া তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও বাস্তবতা বোঝানো যাচ্ছিল না। এ কারণে আন্দোলন একপর্যায়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।’
হকার শাহজাহান আলী হত্যার ঘটনায় নিউ মার্কেট থানায় করা মামলায় গত মঙ্গলবার সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। পরে গত বুধবার তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেয় পুলিশ। তারা এখন ডিবি হেফাজতে আছেন।
ডিএমপি সূত্রে জানা গেছে, যে মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেপ্তার করা হয়েছে সেই মামলার ভিকটিম গুলিতে মারা গেছেন। অথচ এজাহারে কোটাবিরোধী জামায়াত-শিবির এবং বিএনপি নেতাকর্মীদের এলোপাতাড়ি আঘাতে ভিকটিম শাহজাহান মারা গেছেন বলা হয়েছে। মামলায় কেন মিথ্যাচার করা হয়েছে, সেই বিষয় নিয়েও তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ডিএমপি কমিশনার মাইনুল হাসান দেশ রূপান্তরকে বলেন, ‘সালমান এফ রহমান ও আনিসুল হক প্রথম দিনের রিমান্ডে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। কখনো তাদের আলাদা জিজ্ঞাসাবাদ করে, আবার কখনো মুখোমুখি জিজ্ঞাসাবাদ করে এসব তথ্য পাওয়া গেছে। তাদের কাছে পাওয়া তথ্য যাচাই-বাছাই করা হবে। আরও যে কদিন রিমান্ড বাকি আছে, ওই সময়ে জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ অনেক তথ্য পাওয়া যাবে।’
সালমান এফ রহমান ও আনিসুল হককে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদের উদ্দেশে ডিবির এক কর্মকর্তা বলেন, আপনাদের অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের কারণেই দেশের এ অবস্থা। এ সময় দুজন ছিলেন নির্বিকার। তারা নিশ্চয়ই মামলার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। শুধু একটি-দুটি মামলায় তারা সংশ্লিষ্ট নয়, সারা দেশে অনেক ঘটনা ঘটেছে। ওইসব ঘটনায় গ্রেপ্তারকৃতদের কী ধরনের সংশ্লিষ্টতা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। সালমান এফ রহমান ও আনিসুল হক বিভিন্ন অপকর্মের হোতা।
ডিএমপির দায়িত্বশীল সূত্র জানায়, গ্রেপ্তারকৃতদের অপরাধ শুধু পুলিশ কেসের মধ্যে সীমাবদ্ধ নয়। শেয়ারবাজারসহ অনেক অর্থনৈতিক কেলেঙ্কারিতে জড়িত সালমান এফ রহমান। সরকারের অনেক অপকর্মকে আইনি বৈধতা দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছেন আনিসুল হক। তাই তাদের জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে হত্যা মামলার পাশাপাশি অর্থনৈতিক ও আইনগত বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে।
