চট্টগ্রাম প্রেস ক্লাবে হামলা, ৩৫ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ০৭:২০ এএম

চট্টগ্রাম প্রেস ক্লাবে হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত বৃহস্পতিবার নগরীর কোতোয়ালি থানায় প্রেস ক্লাব সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয়ের আরও ১৫ জনকে আসামি করা হয়েছে।

এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট আসামিরা দা, ছুরি, লাঠিসোঁটা, হাতুড়ি, কিরিচসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে জড়ো হয়। এরপর নৈরাজ্য, ত্রাস সৃষ্টি ও লুটপাট চালানোর লক্ষে আসামিরা প্রেস ক্লাবের দিকে ছুটে গেলে কর্তব্যরত দারোয়ান মূল গেইট বন্ধ করে তালা লাগিয়ে দেয়। তাদের কয়েকজন গেট টপকিয়ে ভেতরে গিয়ে হাতুড়ি দিয়ে তালা ভেঙে ভবনে প্রবেশ করে। এরপর চতুর্থ তলার ক্লাবে সামনের গেট ভেঙে ভেতরে ঢুকে সভাপতি ও সাধারণ সম্পাদকের কক্ষ, মিডিয়া সেন্টার, প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাবরক্ষণ কর্মকর্তার কক্ষে রক্ষিত কম্পিউটার, সিসিটিভিসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। হিসাবকক্ষে রক্ষিত প্রায় দেড় লাখ টাকা এবং মূল্যবান জিনিসপত্র ও প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ দলিল দস্তাবেজ লুট করে নিয়ে যায়।

হামলায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য হেলাল উদ্দিন সিকদার, মো. গোলাম মর্তুজা আলীসহ প্রায় ২০ জন সাংবাদিক আহত হন। আসামিরা ক্লাবের সদস্যদের জিম্মি করে ক্লাবে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা চালায়। একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এগিয়ে এলে তারা পালিয়ে যেতে বাধ্য হয়।

কোতোয়ালি থানার ওসি এস এম ওবায়দুল হক জানান, চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত