খাগড়াছড়িতে ভারী বর্ষণে পাহাড় ধস, যান চলাচল বন্ধ

আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ০১:৪৫ পিএম

খাগড়াছড়ির আলুটিলায় সাপমারা এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে খাগড়াছড়ির সাথে ঢাকা ও চট্টগ্রামের যান চলাচল বন্ধ আছে। এতে আটকে আছে বহু যানবাহন।

শনিবার (১৭ আগস্ট) সকালে খাগড়াছড়ি-আলুটিলা সড়কের সাপমারা এলাকায়  এই ঘটনা ঘটে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ জাকের হোসেন জানান, ‘আলুটিলার সাপমারা এলাকায় পাহাড়ের বড় একটি অংশ ধসে সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সারাদেশের সাথে সড়ক বিচ্ছিন্ন হয়ে যায়। আমাদের খাগড়াছড়ি ও মাটিরাঙা ইউনিটের সদস্যরা এসে মাটি সরানোর কাজ শুরু করেছে। তবে এটা সরাতে সময় লাগবে।’

তিনি আরও বলেন, ‘সকাল থেকে মাটি সরানোর কাজ করেছে ফায়ার সার্ভিস। তবে আমাদের জনবল কম থাকায় কাজ শেষ করতে সময় লাগবে।’

সকাল ১০ টার সড়ক ও জনপদ বিভাগ কাজে যোগ দেয় বলে জানায় ফায়ার সার্ভিস।

খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান বলেন, ‘আলুটিলা সাপমারা এলাকায় ভোর মাটি ধসে যান চলাচল বিঘ্ন হয়েছে। সড়কের উপর প্রচুর মাটি চলে এসেছে। মাটি সরানোর কাজে ফায়ার সার্ভিসের সাথে আমরাও যোগ দিয়েছি। এটি যান চলাচলের উপযোগী করতে বেশ সময় লাগবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত