ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, ঠাকুরগাঁও-১ আসনের সাবেক এমপি ও সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনকে বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করেছে আদালত। শুক্রবার (১৬) আগস্ট রাত সাড়ে দশটার দিকে সদর উপজেলা রুহিয়ায় নিজ বাসভবন থেকে তাকে আটক করে সাদা পোশাকধারী পুলিশের একটি দল।
শনিবার (১৭ আগস্ট) দুপুরে তাকে আদালতে নেয়া হলে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক রাজিব কুমার রায় তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
ঠাকুরগাঁও শহরের হাজীপাড়ার বাসিন্দা রিপন ওরফে বাবু বাদি হয়ে শুক্রবার দিবাগত রাতে সাবেক এমপি রমেশ চন্দ্র সেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সমীর দত্ত, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ আপেলসহ ৪০ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত নামা অনেককে আসামি করে মামলা দায়ের করেন।
মামলার অভিযোগে জানা যায়, গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে রমেশ চন্দ্র সেনের নেতৃত্বে আসামিরা শিক্ষর্থীদের ওপর হামলা চালায় এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে আন্দোলনরত অসংখ্য শিক্ষার্থী আহত হন।
উল্লেখ্য, রমেশ চন্দ্র সেন বিভিন্ন সময়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, উপদেষ্টামণ্ডলীর সদস্যসহ সর্বশেষ কেন্দ্রীয় নির্বাচনী বোর্ডের সদস্য ছিলেন। ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত তিনি পানিসম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্বপালন করেন। ১৯৯৭ সালের ১৮ ফেব্রুয়ারি উপনির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
এরপর ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে জয়ী হন। তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনী এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পাঁচবার সংসদ সদস্য হলেও শেষ তিনটি নির্বাচনই বিতর্কিত ও ভোটারবিহীন হিসেবে বহুল আলোচিত। সন্তানহীন রমেশ সেনের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য করে শত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে।
