শিল্পকলার লাকীসহ সরকারি চার প্রতিষ্ঠানপ্রধানের নিয়োগ বাতিল

আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ১০:৩০ পিএম

এক যুগেরও বেশি জাতীয় শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ আঁকড়ে থাকা লিয়াকত আলী লাকীসহ চারটি প্রতিষ্ঠানের প্রধানকে দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে।

তাদের সবার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা। শনিবার রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ প্রজ্ঞাপন জারি করে বিষয়টি অবহিত করেছেন।

দায়িত্ব থেকে অপসারণ করা কর্মকর্তারা হলেন- বাংলা একাডেমির মহাপরিচালক মো. হারুন-উর-রশিদ আসকারী, বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী ও জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর।

এই চারজনের সঙ্গে একই প্রজ্ঞাপনে ভারতে বাংলাদেশ মিশনের প্রেস ইউংয়ের উপ-হাইকমিশন রঞ্জন সেনের (প্রথম সচিব) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে তাকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার তথ্য দেওয়া হয়েছে।

ক্ষমতার পালাবদলে রাষ্ট্রীয় ও সরকারি প্রতিষ্ঠানগুলোর শীর্ষ পর্যায়ে পরিবর্তন ও রদবদলের মধ্যে এমন সিদ্ধান্ত এলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত