বাদ পড়লেন ফেরদৌস

আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ০২:৫৪ পিএম

মাস সাতেক আগেই এমপি নির্বাচিত হয়ে সংসদে পা রেখেছিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক ফেরদৌস। কিন্তু পাননি খুব একটা সময়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে গিয়ে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে চলে যাওয়ার পর আওয়ামী লীগ সরকারের শীর্ষ সারির নেতা-কর্মীরা গা ঢাকা দিয়েছেন। তেমনি ফেরদৌস আহমেদেও। 

এরমধ্যে গুঞ্জন উঠেছিল, ফেরদৌসের বন্ধু ওপার বাংলার চিত্রনায়িকা ঋতুপর্ণার বাড়িতে আশ্রয় নিয়েছেন এই নায়ক। কিন্তু এই নায়িকা জানালেন, তার বাসায় ফেরদৌস নেই।

এবার জানা গেল, ছাত্র আন্দোলনে নীরব থাকায় টলিউডের একটি সিনেমা থেকে বাদ পড়েছেন ফেরদৌস। টলিউডের আসন্ন চলচ্চিত্র ‘মীর জাফর চ্যাপ্টার টু’তে চুক্তিবদ্ধ ছিলেন এই নায়ক। এটি নির্মাণ করবেন অর্কদীপ মল্লিকা নাথ।

তবে সিনেমাটির প্রযোজক রানা সরকার জানালেন, এতে আর থাকছেন না ফেরদৌস।

গণমাধ্যমে প্রযোজক বলেন, ‘সিনেমাটি দুই বাংলার দর্শকদের টার্গেট করে বানানোর পরিকল্পনা করা হয়েছে। বাংলাদেশের মানুষের, বিশেষত ছাত্রদের আবেগের কথা মাথায় রেখে, আমার কোনো সিনেমায় বাংলাদেশের এমন কোনো অভিনেতা বা অভিনেত্রীদের কাস্টিং করব না, যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন না। সে হিসেবেই ফেরদৌসকে আমরা সিনেমাটিতে রাখছি না।’

গেল বছরে সিনেমাটির শুটিং শুরুর কথা থাকলেও সেটি সম্ভব হয়নি। তবে শিগগিরই শুরু হবে বলে জানা গেছে। সিনেমাটিতে জিয়াউল রোশান, পশ্চিমবঙ্গের শ্রীলেখা ও সৌরভ দাসের অভিনয়ের কথা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত