ভারতের কলকাতায় এক চিকিৎসক তরুণীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে বিক্ষোভে উত্তাল পুরো দেশ। এরই মধ্যে দেশটিতে বাসের মধ্যে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। সম্প্রতি উত্তরাখন্ডের রাজধানী দেরাদুনে একটি পাবলিক বাসের মধ্যে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত মঙ্গলবার রাতে ওই কিশোরী মোরাদাবাদ থেকে দেরাদুনের আন্তরাজ্য বাস টার্মিনালে পৌঁছায়। সেখানেই সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয় মেয়েটি। সে পাঞ্জাবের বাসিন্দা। তাকে গণধর্ষণ এবং মারধর করা হয়েছে বলে অভিযোগ করা হয়।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার ঘটনাটি ঘটলেও শনিবার বিষয়টি প্রকাশ্যে আসে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এরই মধ্যে সন্দেহভাজন একজনকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে, গত সপ্তাহে কলকাতার আর জি কর মেডিকেল কলেজে দায়িত্বরত অবস্থায় ধর্ষণ ও হত্যার শিকার হন মৌমিতা দেবনাথ নামে এক চিকিৎসক। জানা যায়, ৮ আগস্ট রাতে টানা ৩৬ ঘণ্টার ‘অন-কল’ ডিউটিতে ছিলেন ওই তরুণী। রাতে খাবার খেয়ে চারতলার পালমোনোলজি বিভাগের সেমিনার হলে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিতে যান তিনি। পরদিন সকালে জুনিয়র সহকর্মীরা ওই হলের ভেতরেই তার অর্ধনগ্ন মরদেহ পড়ে থাকতে দেখেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২১ সালে সারা দেশে ৩২ হাজারের বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে।
গভীর রাতে ‘লিফ্ট’ নিয়ে ধর্ষণের শিকার কলেজছাত্রী