২০ দফা দাবিতে বিমানের কেবিন ক্রুদের অনশন

আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ০৩:১৮ এএম

এবার আন্দোলনে নেমেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কেবিন ক্রু ইউনিয়ন। ফ্লাইট সার্ভিসে সব চুক্তিভিত্তিক কেবিন ক্রু চাকরি স্থায়ীকরণ করা ও পেনশন সুবিধার আওতায় আনাসহ ২০ দফা দাবিতে গতকাল রবিবার প্রায় ৪০ জন কেবিন ক্রু অনশন করেন। দাবি পূরণ না হলে তারা কর্মবিরতির হুমকিও দেন।

এ বিষয়ে জানতে চাইলে বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম বলেন, তারা সকাল থেকে বিমানের পরিচালকের (কাস্টমার সার্ভিস) হায়াত-উদ-দৌলা খানের রুমে অবস্থান নিয়ে দাবি পেশ করেছেন। তারা কর্মবিরতির কথাও বলেছেন। যদিও তাদের উচিত এই মুহূর্তে এসব বিষয়ে আন্দোলন না করে কাজে মন দেওয়া। কারণ, বর্তমানে বিমানের ব্যবস্থাপনা পরিচালকসহ পরিচালনা পর্ষদের এমন কেউ নেই যারা সিদ্ধান্ত দিতে পারেন।

২০ দফা দাবি জানিয়ে গত ৮ আগস্ট বিমানের সাবেক এমডি ও সিইওকে স্মারকলিপি দিয়েছিলেন কেবিন ক্রু ইউনিয়নের সভাপতি মো. ফিরোজ মিয়া আবীর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আক্তার (লোটাস)। এমডিকে ওএসডি করার কারণে আজ তারা পরিচালককে (কাস্টমার সার্ভিস) এ দাবিগুলো জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত