যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ইতিহাসে ২৫ বছর বয়সী কোনো মন্ত্রী বা উপদেষ্টা এর আগে আসেননি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে উঠে আসা আসিফ মাহমুদই গড়লেন সেখানে ইতিহাস। ক্রিকেট খেলাও পছন্দ করেন, ভক্ত তামিম ইকবালের। এই তো দিন কয়েক আগেও তিনি ছিলেন সাধারণ দর্শক। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে স্বাভাবিক সময়ে প্রবেশ করা তার জন্য ছিল দূর কল্পনার বিষয়। অথচ আজ প্রিয় ক্রিকেটার তামিমই তাকে ঘুরিয়ে দেখালেন দেশের হোম অব ক্রিকেট। ছবিতে সেসব গল্পই দেখাচ্ছেন দেশ রূপান্তরের আলোকচিত্র সাংবাদিক মোশারফ হোসেন ভুবন
আজ দুপুর ১ টার দিকে মিরপুরে আসেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। তাকে স্বাগত জানান বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন। তারপর পুরো মিরপুর শেরে বাংলা ঘুরে দেখেন তিনি।
এসময় সবকিছু তাকে দেখিয়ে বুঝিয়ে দিচ্ছিলেন তামিম ইকবাল। যেন এলেন, ঘুরে দেখলেন, মনযোগ দিয়ে তামিমের কথা শুনলেন। তারপরই চলে গেলেন তবে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কোনো কথা বলেননি তিনি।
যুব দলের ক্রিকেটাররা এসময় তামিম ইকবালকে পাশে পেয়েও ছিলেন দারুণ উচ্ছ্বসিত।
পরে বিসিবি একাডেমি মাঠ পরিদর্শনে যান ক্রীড়া উপদেষ্টা। সেখানে অনুশীলন করছিলেন নারী দলের ক্রিকেটাররা। যার প্রস্তুত হচ্ছে আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য। তাদের সঙ্গে সাক্ষাৎ হয় আসিফ মাহমুদের।
