লাঠির আঘাতে চোখ নষ্ট: সাবেক ওসির বিরুদ্ধে মামলা

আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ০৫:৩৮ পিএম

খুলনা সদর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ সোমবার খুলনা মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফখরুল আলম বাদী হয়ে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালতে এ মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত আরো ১০/১২ জনকে আসামি করা হয়েছে।

মামলার আরজিতে বলা হয়েছে, ২০২২ সালের ৫ জানুয়ারি সকাল ১১টায় বিএনপির কেন্দ্রঘোষিত ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষ্যে নগরীর কেডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে তৎকালীন খুলনা সদর থানার ওসি হাসান আল মামুনের নেতৃত্বে অজ্ঞাত আরো ১০/১২জন পুলিশ সদস্য মাথায় হেলমেট, হাতে লাঠি ও সরকারি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এলোপাতাড়িভাবে লাঠিচার্জ শুরু করে। ওসি হাসান আল মামুন তার হাতে থাকা লাঠি দিয়ে বাদীর মুখে বাড়ি মেরে বলেন, ‘জবান সারা জীবনের জন্য বন্ধ করে দিব’। সঙ্গে সঙ্গে আবারো মাথা লক্ষ্য করে ওসি মামুন হত্যার উদ্দেশে আরো একটি বাড়ি মারেন। এ সময় বাদী সামান্য একটু পেছনে সরে গেলে বাদীর বাম চোখের ওপর লাগলে চোখের ডান পাশ থেকে চোখের মণি ফেটে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসে। এতে চোখের ৮৫ ভাগ জ্যোতি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে দেশ-বিদেশে চিকিৎসক দেখালেও চোখের আলো আর ফিরে পাননি তিনি।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট তৌহিদুর রহমান চৌধুরী তুষার বলেন, বিচারক মামলাটি গ্রহণ করে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্তি উপ পুলিশ কমিশনারকে (ডিবি) তদন্ত করে  আগামী ২৪ অক্টোবরের মধ্যে প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ দিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত