ফিলিপাইনে গত বছরের ডিসেম্বরের পর থেকে প্রথমবারের মতো একজন এমপক্স রোগী শনাক্ত হয়েছে। তবে এই রোগী এমপক্সের কোন ধরনে আক্রান্ত হয়েছেন তা এখনো জানা যায়নি। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এটি নিশ্চিত হতে পরীক্ষার ফলের জন্য অপেক্ষা করা হচ্ছে।
দেশটির স্বাস্থ্য বিভাগ (ডিওএইচ) জানিয়েছে, রোগী ৩৩ বছর বয়সী একজন ফিলিপিনো, দেশের বাইরে কোথাও ভ্রমণের ইতিহাস নেই তার।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত বুধবার এমপক্সকে দুই বছরের মধ্যে দ্বিতীয়বারে মতো বৈশ্বিক জরুরি স্বাস্থ্য অবস্থা ঘোষণা করেছে। ডব্লিউএইচওর সর্বোচ্চ সতর্ক ব্যবস্থা হচ্ছে বৈশ্বিক জরুরি স্বাস্থ্য অবস্থা। ভাইরাসজনিত এ সংক্রমণ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) পর প্রতিবেশী দেশগুলোতেও ছড়ানোর পর এ সতর্কতা জারি করে ডব্লিউএইচও।
আগে মাঙ্কিপক্স হিসেবে পরিচিত অত্যন্ত সংক্রামক এই রোগের প্রাথমিক প্রাদুর্ভাব চলাকালে ডিআরসিতে অন্তত ৪৫০ জনের মৃত্যু হয়।
রয়টার্স জানিয়েছে, এই ভাইরাসের নতুন একটি ধরন নিয়মিত ঘনিষ্ঠ সংস্পর্শের মাধ্যমে সহজে ছড়াতে থাকায় বিশ্বব্যাপী উদ্বেগ দেখা দিয়েছে।
