আপনার জিজ্ঞাসা

আপডেট : ২০ আগস্ট ২০২৪, ১২:৩৪ এএম

সাহু সেজদা প্রসঙ্গে

বিলাল হুসাইন, নোয়াখালী

প্রশ্ন : একবার আমি মাগরিবের নামাজে তৃতীয় রাকাতের রুকুর পূর্বে ইমামের সঙ্গে শরিক হই। ইমাম সালাম ফেরানোর পর যখন বাকি নামাজ পূর্ণ করছিলাম তখন ভুলে প্রথম রাকাতের বৈঠক না করেই দাঁড়িয়ে যাই। নামাজ শেষে সাহু সেজদা আদায় করিনি। এমতাবস্থায় আমার এ নামাজ কি পুনরায় পড়তে হবে?

উত্তর : আপনার ছুটে যাওয়া নামাজ আদায়ের সময় প্রথম রাকতের পর বৈঠক করাই নিয়ম ছিল। কিন্তু এ বৈঠক যেহেতু নামাজের সাধারণ বৈঠকের মতো নয়, তাই তা ছুটে গেলে সাহু সেজদা দেওয়া আবশ্যক হবে না। তাই ওই বৈঠক ছেড়ে দেওয়ার কারণে আপনার ওপর সাহু সেজদা ওয়াজিব হয়নি এবং ওই নামাজ আদায় হয়ে গেছে, পুনরায় আর পড়তে হবে না।

হজরত ইবরাহিম নাখায়ি (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন মাগরিবের নামাজে ইমাম সাহেব দুই রাকাত পড়ে ফেলার পর মাসরুক ও জুনদুব (রহ.) নামাজে শরিক হলেন। তারা ইমামের সঙ্গে এক রাকাত পড়ে বাকি নামাজ পূর্ণ করার জন্য দাঁড়ালেন। মাসরুক (রহ.) এক রাকাত পড়ে বৈঠক করলেন। আর জুনদুব (রহ.) প্রথম রাকাত পড়ে বৈঠক না করে দাঁড়িয়ে গেলেন এবং দ্বিতীয় রাকাতে বৈঠক করলেন। নামাজের পর তারা উভয়ে আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.)-এর কাছে গিয়ে ঘটনা বর্ণনা করলেন। তখন আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বললেন, তোমরা উভয়েই যথা নিয়মে নামাজ পড়েছ। তবে মাসরুক যেভাবে নামাজ পড়েছে সেটি আমার কাছে বেশি পছন্দনীয়। (মুসান্নাফে ইবনে আবি শায়বা ৮৫৬৯, আল বাহরুর রায়েক ১/৩৭৯)

×
সর্বশেষ সর্বাধিক পঠিত