টানা বৃষ্টিতে কুমিল্লা নগরীতে জলাবদ্ধতা, ভোগান্তিতে নগরবাসী

আপডেট : ২০ আগস্ট ২০২৪, ১১:৪৫ এএম

গত দুই দিনের টানা বৃষ্টিতে কুমিল্লা নগরীর বিভিন্ন সড়ক জলাবদ্ধতায় সৃষ্টি হয়। এতে তলিয়ে গেছে নগরীর প্রধান সড়কগুলো। পানি ঢুকেছে ব্যবসা প্রতিষ্ঠানসহ মানুষের বাসা বাড়িতে। এতে ঘরবন্দি হয়ে পড়েছেন অনেকেই।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, নগরীর প্রধান সড়ক সালাউদ্দিন মোড়, সদর হাসপাতাল সড়ক, টমছম ব্রিজ, নিউ হোস্টেল এলাকা, নজরুল অ্যাভিনিউ সড়ক, কুমিল্লা স্টেডিয়াম সড়ক, কুমিল্লা শিক্ষাবোর্ড এলাকা, নগরীর দক্ষিণ ও উত্তর চর্থা, পুলিশ লাইনস, রেসকোর্স, ঠাকুরপাড়া, শাকতলা, ধর্মপুর, ছায়া বিতান এবং চকবাজার থেকে কাপড়িয়াপট্টিসহ নগরীর বিভিন্ন সড়ক বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। ফলে ঘরবন্দি হয়ে পড়েছেন নগরবাসী।

এদিকে বৃষ্টির পানিতে সড়কে জলাবদ্ধার কারণে নগরীতে রিকশা ভাড়া বেড়েছে কয়েকগুণ। অতিরিক্ত পানির কারণে ব্যাটারিচালিত রিকশাগুলো নিচু এলাকায় চলাচল বন্ধ রয়েছে। ফলে কদর বেড়েছে প্যাডেল চালিত রিকশার।

এ বিষয়ে ছায়া বিতান এলাকার বাসিন্দা এডভোকেট আনোয়ার হোসেন বলেন, ‘কান্দিরপাড় থেকে আমাদের এলাকায় রিকশা ভাড়া নরমাল ৩০ টাকা। কিন্তু আজ জলাবদ্ধতার কারণে ৭০ টাকা দিয়ে আসতে হয়েছে। গত সরকারের উন্নয়নের জোয়ারে আজ কুমিল্লা শহর পানিতে ভাসছে।’

দেলোয়ার বলেন, ‘বিশ্বরোড থেকে কান্দিরপাড় পর্যন্ত অটোরিকশায় নিয়মিত ভাড়া ২০ টাকা। বৃষ্টির কারণে সেটা ৩০ টাকা হয়ে গেছে। কী আর করব! গন্তব্যে তো পৌঁছাতে হবে।’

কুমিল্লা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আরিফুর বলেন, ‘রবিবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ মঙ্গলবার (২০ আগস্ট) বিকাল তিনটার বৃষ্টিপাত রেকর্ড করা হবে। তবে সাগরে লঘুচাপের কারণে অসংখ্য মেঘমালার সৃষ্টি হয়েছে। ফলে অতিরিক্ত বৃষ্টিপাত হচ্ছে। আরও কয়েকদিন ভারী ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত