ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণে ইসরায়েলি বাহিনীর ট্যাঙ্কের গোলার আঘাতে এক সাংবাদিক নিহত হয়েছেন। ইবরাহিম মুহারাব নামের ওই সাংবাদিক প্যালেস্টিনিয়ান ডেইলি নিউজ নামের অনলাইন সংবাদমাধ্যমে কাজ করতেন।
গতকাল সোমবার এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ও বেসরকারি সংস্থা রিপোর্টারস উইদআউট বর্ডার্স।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইবরাহিম মুহারাব নামের ওই সাংবাদিকের মরদেহ গতকাল গাজার দক্ষিণের শহর খান ইউনিসের নেসার হাসপাতালে নেওয়া হয়েছে। গত রোববার এ হামলার ঘটনা ঘটেছে।
রিপোর্টারস উইদআউট বর্ডার্স জানায়, ইবরাহিম মুহারেব এবং সালমা আল-কাদ্দৌমি সাংবাদিকদের একটি দলের সাথে গত ১৮ আগস্ট গাজা উপত্যকার কেন্দ্রে খান ইউনিসে গিয়েছিলেন সংবাদ সংগ্রহ করতে।
সেদিন সন্ধ্যা ৭টার দিকে একটি ইসরায়েলি ট্যাঙ্ক সাংবাদিকদের দলটির উপর গুলি চালায়। তাদের মধ্যে দুজনকে আঘাতপ্রাপ্ত হয়।
সাংবাদিক আল-কাদ্দৌমি পিঠে আঘাত পাওয়া সত্ত্বেও পালাতে সক্ষম হন এবং বেঁচে যান। কিন্তু মুহারেব ট্যাঙ্কের সামনে পড়ে যায় এবং গুলি চলতে থাকায় তাকে সরিয়ে নেওয়া সম্ভব হয়নি। পরদিন সকালে সহকর্মীরা তার মৃতদেহ পান।
মুহারাবের সঙ্গে থাকা দুই সাংবাদিককে আহত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁদের খান ইউনিসের নাসের হাসপাতালে পাঠানো হয়েছে। প্যালেস্টিনিয়ান ডেইলি নিউজ নামের অনলাইন সংবাদমাধ্যমে কাজ করতেন মুহারাব।
সংবাদমাধ্যমে বলা হয়, সোমবার সকালে হামাদ শহরের একটি বড় ভবনে মুহারাবের মরদেহ পাওয়া গেছে। হামলায় ওই ভবনটিও ক্ষতিগস্ত হয়েছে।
এ বিষয়ে জানতে ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করে এএফপি। কিন্তু মুহারাবের মৃত্যুর নির্দিষ্ট স্থান এবং তাঁর পরিচয়পত্র ছাড়া এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি তারা।
ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র এএফপিকে বলেন, ইসরায়েলি সেনারা ইচ্ছাকৃতভাবে সাংবাদিকদের লক্ষ্য করে কখনো হামলা চালায় না এবং কখনো চালাবেও না।
ফিলিস্তিনের সাংবাদিকদের জোট মুহারাব হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে। গাজায় সাংবাদিকদের হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ইসরায়েলি সেনারা অভিযান চালাচ্ছে বলেও অভিযোগ করে তারা।
কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস গতকাল এক প্রতিবেদনে জানায়, গত বছরের ৭ অক্টোবর গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত ১১৩ সাংবাদিক ও মিডিয়া কর্মী নিহত হয়েছেন।
